গুয়াহাটি, ১৯ নভেম্বর: মোরান ও মটক স্বশাসিত পরিষদের নির্বাচনের দিন আগামী ডিসেম্বরের মধ্যেই ঘোষণা করা হবে। নতুন দিল্লিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত অসম মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবারের ওই বৈঠকে নতুন পুরসভা গঠন, জমি বরাদ্দ এবং মিশন বসুন্ধরা সংক্রান্ত একাধিক সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়।

নতুন পুরসভা

লখিমপুর জেলার ঘিলামারা, লালুক ও হারমতিতে নতুন পুরসভা গঠন করা হবে। এ ছাড়াও, মাজুলীতে একটি নতুন পুরসভা গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কাছাড় জেলার উদারবন্দ এবং কামরূপ জেলার মির্জা-বিজয়নগরেও নতুন পুরসভা গঠন করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

মিশন বসুন্ধরায় বদল

মিশন বসুন্ধরার ক্ষেত্রে শহরাঞ্চলের পরিসর এক কিলোমিটারে সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। শহরের সীমানা থেকে এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা এলাকাগুলিকেই শহরাঞ্চল হিসেবে ধরা হবে।

টাউন কমিটির মাস্টারপ্ল্যান অনুযায়ী আগে শহরাঞ্চল হিসেবে চিহ্নিত এলাকাতেও নতুন নিয়ম কার্যকর হবে। শুধু মাস্টারপ্ল্যানের অন্তর্ভুক্ত হওয়ার ভিত্তিতে গোটা এলাকাকে আর শহরাঞ্চল হিসেবে গণ্য করা হবে না। আরবান মাস্টারপ্ল্যানের অন্তর্ভুক্ত হলেও বাকি অংশ গ্রাম হিসেবেই বিবেচিত হবে। তবে কামরূপ ও কামরূপ মহানগর জেলায় এই নিয়ম প্রযোজ্য হবে না।

জমি বরাদ্দ

গোসাইগাঁও কৃষি গবেষণা কেন্দ্রের জন্য জমি বরাদ্দের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। পাশাপাশি, মিছা এলাকায় সেনাবাহিনীর জন্য ৭৫ বিঘা জমি বরাদ্দের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।