শিলচর, ১৯ নভেম্বর: কর্মসংস্থানের খোঁজে রাশিয়ায় যাওয়ার পর থেকে নিখোঁজ কাছাড় জেলার এক যুবক। পরিবারের আশঙ্কা, তিনি রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। যুবককে খুঁজে নিরাপদে ভারতে ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অসমের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মার হস্তক্ষেপ চেয়েছে তাঁর পরিবার।
নিখোঁজ যুবকের নাম আব্দুল মুক্তাদির লস্কর। মুনা নামেও তিনি পরিচিত। সোনাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তুলার গ্রাম প্রথম খণ্ডের বাসিন্দা মুক্তাদির ২৬ অগস্ট থেকে পরিবারের সঙ্গে যোগাযোগহীন বলে জানা গিয়েছে।
পরিবারের দাবি, তাঁদের হাতে আসা একটি বিমান টিকিট থেকে জানা গিয়েছে, ১৪ জুলাই মুম্বই থেকে বাকু হয়ে মস্কোর উদ্দেশে রওনা হয়েছিলেন তিনি। ৩০ জুলাই ভারতে ফেরার জন্যও একটি টিকিট বুক করা হয়েছিল বলে পরিবার জানিয়েছে। তবে নির্ধারিত দিনে তিনি দেশে ফিরেছিলেন কি না, সে বিষয়ে পরিবার নিশ্চিত নয়।
রাশিয়ায় পৌঁছনোর পরে তিনি সে দেশের সেনাবাহিনীতে যোগ দিয়েছেন বলে সন্দেহ পরিবারের। ফেসবুকে কয়েক জন বিদেশি নাগরিকের সঙ্গে রুশ সামরিক পোশাক পরা অবস্থায় তাঁর একটি ছবি দেখার পর পরিবারের উদ্বেগ বেড়েছে।
২৬ অগস্ট স্ত্রী সালমার সঙ্গে শেষ বার কথা হয়েছিল মুক্তাদিরের। তার পরে তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। তিনি এখন কোথায় আছেন অথবা রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্রে মোতায়েন রয়েছেন কি না, সে সম্পর্কে কোনও সরকারি নিশ্চিত তথ্য মেলেনি।
মুক্তাদিরের স্ত্রী, এক বছরের মেয়ে ও তিন বছরের ছেলে তাঁর ফেরার অপেক্ষায় রয়েছে। কূটনৈতিক মাধ্যমে রুশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাঁর খোঁজ এবং নিরাপদে দেশে ফেরানোর ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মার কাছে আবেদন জানিয়েছে পরিবার।