জুবিন গর্গের প্রিয় রেঞ্জ রোভার গাড়িটি বিক্রি হওয়া নিয়ে সমাজমাধ্যমে জোর চর্চা শুরু হয়েছে। শিল্পীর স্বপ্নের গাড়ি হিসেবে পরিচিত ওই গাড়ির নতুন মালিক কে, তা নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছিল।

জানা গিয়েছে, আজারার বাসিন্দা সোনমণি দাস গাড়িটি কিনেছেন। জুবিনের গাড়ি কেনার কারণ জানিয়ে তিনি বলেছেন,

গাড়ির জন্য নয়, দাদাকে ভালবাসি বলেই গাড়িটি কিনেছি।

এএস০১-জিএ-৯৯৯৯ নম্বরের রেঞ্জ রোভারটি কিনেছিলেন জুবিন গর্গ। বিভিন্ন মঞ্চে তিনি গাড়িটিকে তাঁর স্বপ্নের গাড়ি বলেও উল্লেখ করেছিলেন। সেই গাড়ি বিক্রির খবর ছড়িয়ে পড়তেই অনেক অনুরাগী দুঃখ প্রকাশ করেছেন।

জানা গিয়েছে, জুবিন গর্গের ৫৪তম জন্মদিনের পরের দিনই গাড়িটি বিক্রি করা হয়। যদিও এ বিষয়ে এখনও পরিবারের তরফে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

সমাজমাধ্যমে একাংশের মত, গাড়ি বিক্রির সিদ্ধান্তটি পরিবারের একান্ত ব্যক্তিগত বিষয়। তা নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয় বলেও তাঁরা মন্তব্য করেছেন।