তিনসুকিয়া: দুলীয়াজানের ট্রিপল মার্ডার মামলায় ধৃত রাজু দাস ও আমির দাসকে নিয়ে তিনসুকিয়া শহরের বিভিন্ন এলাকায় অপরাধস্থলের দৃশ্য পুনর্নির্মাণ করল পুলিশ। ১৬ নভেম্বরের ওই হত্যাকাণ্ডের পরে তাঁদের গতিবিধি এবং পালানোর পথ সম্পর্কে নিশ্চিত তথ্য পেতেই এই পদক্ষেপ বলে পুলিশ জানিয়েছে।

কড়া নিরাপত্তার মধ্যে দু’জনকে শ্রীপুরিয়া ওভারব্রিজ সংলগ্ন এলাকায় নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সেখানে তল্লাশি চালিয়ে একটি ছাতা, কয়েকটি পোশাক-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। তদন্তকারীদের ধারণা, হত্যাকাণ্ডের সময় অথবা পালানোর পথে ওই জিনিসগুলি ব্যবহার করা হয়ে থাকতে পারে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দুলীয়াজানে হত্যাকাণ্ডের পর রাজু ও আমির তিনসুকিয়ায় পৌঁছেছিলেন। সেখানে কিছু সময় আত্মগোপন করে পরিচয় গোপন রাখার উদ্দেশ্যে শ্রীপুরিয়া ওভারব্রিজের কাছে ছাতা ও পোশাক ফেলে রেখে থাকতে পারেন বলে তদন্তকারীদের সন্দেহ।

তদন্তকারীদের অনুমান, তিনসুকিয়া রেলওয়ে জংশন থেকে অবধ অসম এক্সপ্রেসে চড়ে অসমের বাইরে পালানোর পরিকল্পনা করেছিলেন তাঁরা। তবে তার আগেই মোবাইল ট্র্যাকিং এবং গোপন সূত্রের ভিত্তিতে শিমলুগুড়ি রেলওয়ে স্টেশন থেকে দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ।

আদালতের অনুমতি নিয়ে পুলিশি হেফাজতে রেখে দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই এবং লুকোনো প্রমাণ সংগ্রহের জন্য তিনসুকিয়ার আরও কয়েকটি সন্দেহজনক স্থানে তল্লাশি চালানো হচ্ছে।

ঘটনায় অন্য কেউ জড়িত কি না, অথবা অভিযুক্তদের কেউ আশ্রয় বা সাহায্য করেছিলেন কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র কিংবা অন্য কোনও গুরুত্বপূর্ণ নথি লুকোনো রয়েছে কি না, তার সন্ধানও চলছে। সমস্ত তথ্যপ্রমাণ সংগ্রহের পরে দ্রুত অভিযোগপত্র জমা দেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।