গুয়াহাটি, ২১ নভেম্বর: প্রথম বার অসমে আয়োজিত হতে চলেছে সিনিয়র মহিলা আন্তঃমণ্ডল টি-টোয়েন্টি ট্রফি। বিসিসিআইয়ের ঘরোয়া ক্রিকেট মরসুম ২০২৬-২৭-এর এই প্রতিযোগিতা চলবে ২৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত।

গুয়াহাটির বর্ষাপাড়ার এসিএ স্টেডিয়াম এবং উত্তর গুয়াহাটির ফুলুংয়ে এসিএ ক্রিকেট অ্যাকাডেমি মাঠে ম্যাচগুলি হবে। প্রতিযোগিতায় পশ্চিম, পূর্ব, উত্তর-পূর্ব, দক্ষিণ, উত্তর ও কেন্দ্রীয়— এই ছয় মণ্ডলের দল অংশ নেবে। লিগ ও নক-আউট ফরম্যাটে খেলা হবে।

উদ্বোধনী দিনে ২৪ নভেম্বর তিনটি ম্যাচ রয়েছে। এসিএ স্টেডিয়ামে পশ্চিম মণ্ডলের বিরুদ্ধে খেলবে পূর্ব মণ্ডল এবং কেন্দ্রীয় মণ্ডলের মুখোমুখি হবে উত্তর মণ্ডল। ফুলুংয়ের এসিএ ক্রিকেট অ্যাকাডেমি মাঠে উত্তর-পূর্ব মণ্ডলের প্রতিপক্ষ দক্ষিণ মণ্ডল।

লিগ পর্বের ম্যাচ হবে ২৬, ২৮ ও ৩০ নভেম্বর এবং ২ ডিসেম্বর, দু’টি মাঠেই। ৪ ডিসেম্বর ফুলুংয়ের এসিএ ক্রিকেট অ্যাকাডেমি মাঠে ফাইনাল অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতায় স্মৃতি মান্ধানা, জেমিমা রড্রিগেজ, বৈষ্ণবী শর্মা, রিচা ঘোষ, শ্রেয়াঙ্কা পাটিল, জিন্টিমণি কলিতা, উমা ছেত্রী, নন্দিনী শর্মা, শেফালি বর্মা, হারলিন কৌর দেওল, অমনজ্যোৎ কৌর, এন শ্রী চারণী, জি কমলিনী, দীপ্তি শর্মা, প্রতীকা রাওয়াল, রেণুকা সিং ঠাকুর, অরুন্ধতী রেড্ডি, রাধা যাদব এবং নিকি প্রসাদের মতো ক্রিকেটারদের দেখা যাবে।

অসম ক্রিকেট সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক প্রীতম মহন্তের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দল, খেলোয়াড় ও আধিকারিকদের আতিথ্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সংস্থা।