দিল্লি: প্রাক্তন স্বামী কেরং অনলারের দায়ের করা ফৌজদারি মানহানি মামলায় অলিম্পিক পদকজয়ী বক্সার মেরি কমকে নোটিস জারি করল দিল্লির সাকেত আদালত। মামলার পরবর্তী শুনানি আগামী ২১ ডিসেম্বর।
শুক্রবার আদালতে কেরং অনলার এবং আরও কয়েকজন সাক্ষী তাঁদের বক্তব্য নথিভুক্ত করান। অনলারের অভিযোগ, টেলিভিশনের অনুষ্ঠান ও অন্য প্রকাশ্য মঞ্চে মেরি কম তাঁকে নিয়ে অপমানজনক মন্তব্য করেছেন। তাতে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে দাবি অনলারের।
এর আগে মেরি কম প্রাক্তন স্বামীর বিরুদ্ধে তাঁর বক্সিং জীবনে উপার্জন করা কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলেছিলেন। তাঁর নামে ঋণ নেওয়া, সম্পত্তি বন্ধক রাখা এবং সম্মতি ছাড়া কিছু সম্পত্তি অনলারের নামে হস্তান্তরের অভিযোগও করেছিলেন তিনি।
মেরি কমের সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে আসছেন অনলার। তাঁর বক্তব্য, মেরি কম প্রকাশ্যে তাঁকে বদনাম করার চেষ্টা করছেন। অনলার আরও দাবি করেছেন, তিনি কখনও মেরি কমের ব্যক্তিগত দুর্বলতা বা ব্যক্তিগত বিষয় প্রকাশ্যে আনেননি।
২০০৫ সালে মেরি কম ও কেরং অনলারের বিয়ে হয়। তাঁদের চার সন্তান রয়েছে। দীর্ঘ দিনের মতানৈক্যের পরে ২০২৩ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।