কাটিগড়া, ২১ নভেম্বর: রেলওয়ে ক্রসিংয়ে রেললাইনের উপর একটি ট্রাক বিকল হয়ে পড়ায় শনিবার কাছাড় জেলার কাটিগড়ায় সাময়িক ভাবে ব্যাহত হল রেল চলাচল। এর জেরে প্রায় ৪০ মিনিট দাঁড়িয়ে থাকতে হয় আগরতলা থেকে বেঙ্গালুরুমুখী হামসফর এক্সপ্রেসকে।

জাতীয় সড়ক ৬-এর হাইলাকান্দি রেলওয়ে ক্রসিংয়ে শনিবার সকাল ১১টা নাগাদ ঘটনাটি ঘটে। রেলগেট পার হওয়ার সময় ট্রাকটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। ফলে সেটি রেললাইনের উপরেই আটকে যায় এবং ওই পথে ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়।

ঘটনার পরে আরও চারটি ট্রাকের সাহায্যে বিকল ট্রাকটিকে সরানোর চেষ্টা করা হয়। তবে একাধিক বার চেষ্টা করেও সেটি সরানো যায়নি। প্রায় ৩০ মিনিটের চেষ্টার পরে ট্রাকটিতে ফের জ্বালানি ভরে ইঞ্জিন চালু করা সম্ভব হয়। তার পর রেললাইন থেকে ট্রাকটি সরানো হয়।

ট্রাক সরানোর পরে রেল চলাচল স্বাভাবিক হয়। তবে এই ঘটনায় ১২৫০৪ নম্বর আগরতলা-বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস প্রায় ৪০ মিনিট দাঁড়িয়ে থাকায় যাত্রীরা সমস্যায় পড়েন।