অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার দুই সন্তান নীতির সমর্থন নিয়ে প্রশ্ন তুলে বিতর্কিত মন্তব্য করলেন কংগ্রেস সাংসদ রকিবুল হুসেন। তাঁর দাবি, ৬০ বছর আগে অসমে ওই নীতি কার্যকর থাকলে বর্তমান মুখ্যমন্ত্রীর জন্ম হত না।

শনিবার ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়া বা এনএসইউআইয়ের উদ্যোগে নবনির্বাচিত মহাবিদ্যালয় ছাত্র প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে রকিবুল এই মন্তব্য করেন।

রকিবুলের বক্তব্য, মুখ্যমন্ত্রী দুইয়ের বেশি সন্তান রয়েছে এমন ব্যক্তিদের পঞ্চায়েত নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেওয়ার কথা বলেছেন। কিন্তু বিধায়ক ও সাংসদদের ক্ষেত্রে সেই নিয়ম প্রযোজ্য হবে না বলেও তাঁর দাবি। তিনি বলেন, “আমার আটটি সন্তান থাকলেও আমি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব।” কেন তাঁর দলকে নিশানা করা হচ্ছে, সেই প্রশ্নও তোলেন তিনি।

মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে রকিবুল বলেন, কয়েক জনের কাছে তিনি শুনেছেন যে, হিমন্ত বিশ্বশর্মা তাঁর পরিবারের চতুর্থ বা পঞ্চম সন্তান ছিলেন। তবে এই তথ্য সম্পর্কে তিনি নিশ্চিত নন বলেও জানান সাংসদ। সেই প্রসঙ্গেই তাঁর মন্তব্য, ৬০ বছর আগে দুই সন্তান নীতি চালু থাকলে বর্তমান মুখ্যমন্ত্রীর জন্ম হত না।

অনুষ্ঠানে নবনির্বাচিত ছাত্র প্রতিনিধিদের বড় রাজনৈতিক লক্ষ্য স্থির করার আহ্বানও জানান রকিবুল। এনএসইউআইয়ের মাধ্যমে রাজনীতিতে এসে বিধায়ক, মন্ত্রী এবং সাংসদ হওয়ার স্বপ্ন দেখতে ছাত্রনেতাদের পরামর্শ দেন তিনি।