গুয়াহাটি: উন্নত চিকিৎসার জন্য অসম থেকে গুজরাটের জামনগরে উড়িয়ে নিয়ে যাওয়া হল সাত সপ্তাহের এশীয় হাতিশাবক রাজাকে। পিছনের পায়ের হাড় ভাঙা-সহ একাধিক শারীরিক জটিলতায় ভুগছে সে। জামনগরের ভন্তরার বিশেষ হাতি চিকিৎসালয়ে তার জরুরি চিকিৎসা হবে।
গত ২ অক্টোবর অসমের গোগামুখে রাজার জন্ম হয়। জন্মের দিনই ১১ বছরের মা-হাতির পায়ের চাপে তার পিছনের ডান দিকের উরুর হাড় সম্পূর্ণ ভেঙে যায়। দাঁড়াতে না পারায় মায়ের প্রথম দুধও খেতে পারেনি শাবকটি।
লখিমপুর জেলার পহুমারায় মালিকের বাড়িতেই গত সাত সপ্তাহ ধরে তার চিকিৎসা চলছিল। বিশেষ চিকিৎসার আবেদনের পরে গত ৮ অক্টোবর ভন্তরার দ্রুত প্রতিক্রিয়া দল সেখানে পৌঁছয়। এক্স-রে পরীক্ষায় দেখা যায়, ভাঙা হাড়ের অংশ সরে গিয়েছে। চিকিৎসকেরা প্লাস্টার ও ব্যান্ডেজ দিয়ে হাড়টি স্থির রাখার ব্যবস্থা করেন। দাঁড়াতে সাহায্যের জন্যও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। রাজাকে বিশেষ ভাবে তৈরি দুধের বিকল্প খাবারও দেওয়া হয়েছে।
পরে তার শারীরিক অবস্থা আরও জটিল হয়ে ওঠে। ডায়রিয়া, ক্লেবসিয়েলা নিউমোনিয়ে ব্যাকটেরিয়ার সংক্রমণ, রক্তে শর্করার মাত্রা কমে যাওয়া, যকৃতের সূচক বেড়ে যাওয়া, চাপজনিত ক্ষত এবং নাভির হার্নিয়ার মতো সমস্যা দেখা দিয়েছে। তার চিকিৎসায় অ্যান্টিবায়োটিক, শিরার মাধ্যমে তরল, পুষ্টির পরিপূরক এবং ক্ষতের চিকিৎসা চলছে।
চিকিৎসকদের মতে, রাজার দুর্বল শারীরিক অবস্থায় স্থলপথে ২,৫০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দেওয়া বিপজ্জনক হতে পারে। তাই গুয়াহাটি থেকে প্রায় চার ঘণ্টার বিমানযাত্রায় তাকে জামনগরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
বিশেষ ভাবে তৈরি বাক্সে করে রাজাকে বিমানে নিয়ে যাওয়া হবে। যাত্রাপথে পশুচিকিৎসক, প্যারাভেট এবং পরিচর্যাকর্মীরা তার শারীরিক অবস্থা, শরীরে জলের মাত্রা ও রক্তে গ্লুকোজের মাত্রা পর্যবেক্ষণ করবেন। ভন্তরায় ফের স্বাস্থ্যপরীক্ষা, হাড়ের চিকিৎসা, ব্যথা নিয়ন্ত্রণ, চলাফেরার পুনর্বাসন এবং পুষ্টি পুনরুদ্ধারের ব্যবস্থা করা হবে। সংস্থাটির মতে, ভবিষ্যতেও তার দীর্ঘমেয়াদি পশুচিকিৎসা ও নিয়মিত পর্যবেক্ষণের প্রয়োজন হতে পারে।