নয়াদিল্লি, ২২ নভেম্বর: গুজরাটের উন্নয়নের মাধ্যমেই ভারতের সামগ্রিক উন্নয়ন সম্ভব হয়েছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বক্তব্য, বিজেপির কয়েক প্রজন্মের কর্মীর ত্যাগ, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমেই গুজরাটের উন্নয়নের যাত্রা সম্ভব হয়েছে।
রবিবার দিল্লি থেকে ভার্চুয়ালি গুজরাট বিজেপির ‘দীপাবলি স্নেহ মিলন ২০২৬’ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। জনসেবায় তাঁর ২৫ বছরের যাত্রার কথা স্মরণ করে তিনি ২০০১ সালের ভূমিকম্প ও খরার পর গুজরাটের কঠিন পরিস্থিতির কথাও তুলে ধরেন।
গুজরাটে আপনাদের মধ্যে কাজ করার সুযোগ পাওয়ার সময় থেকেই আমি বলে আসছি, দেশের উন্নয়ন গুজরাটের উন্নয়ন থেকেই আসে। ভারতের উন্নয়ন গুজরাটের উন্নয়ন থেকেই সম্ভব হয়।
মোদীর বক্তব্য, কৃষি, দুগ্ধ উৎপাদন, শিল্প, সেমিকন্ডাক্টর, পেট্রোকেমিক্যাল, অটোমোবাইল, সবুজ শক্তি এবং আধুনিক পরিকাঠামোর ক্ষেত্রে গুজরাট উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। অক্টোবরে গুজরাটে জনসেবার ২৫ বছর পূর্ণ হওয়ার কথাও উল্লেখ করে বিজেপি কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, কর্মীদের শক্তি, উদ্দীপনা, ত্যাগ, নিষ্ঠা ও সহযোগিতা ছাড়া গুজরাটের জন্য এত কাজ করা সম্ভব হত না। ২০০১ সালে ব্যাঙ্ক কেলেঙ্কারি, ভয়াবহ খরা, মানুষের স্থানান্তর এবং গবাদি পশুর খাদ্যের অভাবের মতো সমস্যার মুখে পড়েছিল রাজ্যটি। সে সময়ে বিজেপি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ‘সুখড়ি’ সংগ্রহ করে দরিদ্র পরিবারগুলির মধ্যে বিলি করেছিলেন বলেও জানান তিনি।
জল সংরক্ষণে গুজরাটের উদ্যোগের কথাও বলেন মোদী। তাঁর মতে, দীর্ঘদিনের খরা সমস্যার মোকাবিলায় চেক ড্যাম নির্মাণ এবং জল সংরক্ষণ অভিযানে মানুষের অংশগ্রহণ এই প্রয়াসকে গণআন্দোলনের রূপ দিয়েছিল।
এ দিকে, সুরাতের মাজুরা বিধানসভা কেন্দ্রে স্নেহ মিলন অনুষ্ঠানে গুজরাটের উপমুখ্যমন্ত্রী হর্ষ সঙ্ঘভী বিজেপি কর্মীদের গুরুত্বের কথা বলেন। নির্বাচিত প্রতিনিধিদের পদ পাওয়ার পরেও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বজায় রাখা এবং তৃণমূল স্তরের কর্মীদের পাশে থাকার আহ্বান জানান তিনি।
হর্ষ সঙ্ঘভীর বক্তব্য, বিজেপির হাজার হাজার বুথস্তরের কর্মীর কঠোর পরিশ্রমের ফলেই নির্বাচিত প্রতিনিধিরা নিজেদের জায়গা পেয়েছেন। ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্য পূরণে ‘টিম গুজরাট’ হিসেবে কাজ করার আহ্বানও জানান তিনি।