শিলিগুড়ি, ২৩ নভেম্বর: ত্রয়োদশ শিলিগুড়ি শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে বিশিষ্ট অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন ডিগবইয়ের সমাজকর্মী গোপালচন্দ্র দাস। শিলিগুড়ি সিনে সোসাইটির উদ্যোগে এবং ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার সহযোগিতায় ২৩ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত শিলিগুড়ি শহরে এই উৎসবের আয়োজন করা হয়েছে।

উৎসবে দেশের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট ব্যক্তি, দেশ-বিদেশের জুরি সদস্য, প্রযোজক ও পরিচালক উপস্থিত থাকবেন। একাধিক স্বল্পদৈর্ঘ্যের ছবি ও তথ্যচিত্র প্রদর্শিত হবে বলে জানানো হয়েছে।

উৎসবে পাঁচটি অসমীয়া স্বল্পদৈর্ঘ্যের ছবি প্রদর্শনের ব্যবস্থা রয়েছে। ছবিগুলি হল ‘দ্য ওল্ডম্যান্‌স ওড’, ‘মারফত’, ‘রং নম্বর’, ‘হোয়্যার ডিড আওয়ার রিভার’ এবং ‘মর্ত্য’। এ ছাড়াও তথ্যচিত্র প্রদর্শিত হবে।

শিলিগুড়ি সিনে সোসাইটির আজীবন সদস্য ও উপদেষ্টা কমিটির সদস্য গোপালচন্দ্র দাস কেন্দ্রীয় শুল্ক ও আবগারি দফতরের অবসরপ্রাপ্ত সহকারী কমিশনার। তাঁকে এই উৎসবে আমন্ত্রণ জানানোয় ডিগবইয়ের বিভিন্ন প্রতিষ্ঠান শুভেচ্ছা জানিয়েছে।

অনিতা দাস মেমোরিয়াল ফাউন্ডেশনের মাধ্যমে দীর্ঘ দিন ধরে দরিদ্র মেধাবী পড়ুয়াদের আর্থিক সহায়তা করে আসছেন গোপালচন্দ্র দাস। এই কাজের জন্য স্থানীয় মানুষের প্রশংসাও পেয়েছেন তিনি।