গুয়াহাটি, ২৩ নভেম্বর: সংবিধান গ্রহণের ৬০ বছর পূর্তি উপলক্ষে সদৌ অসম ছাত্র সঙ্ঘের হীরকজয়ন্তীর বছরব্যাপী উদ্‌যাপন শুরু হল সোমবার। সরুসজাইয়ের অর্জুন ভোগেশ্বর বরুয়া ক্রীড়া প্রকল্পে কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।

অনুষ্ঠানে হীরকজয়ন্তী বর্ষ উপলক্ষে তৈরি সংগঠনের নতুন প্রতীকচিহ্ন প্রকাশ করা হয়। অসমের বিভিন্ন জেলা থেকে আসা সহস্রাধিক আসু প্রতিনিধি সম্মেলনে যোগ দেন। উপস্থিত ছিলেন ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জিতেন হাজরিকা এবং নগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হিতেশ ডেকা।

আগামী এক বছর তৃণমূল স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত হীরকজয়ন্তীর নানা কর্মসূচি হবে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এবং খিলঞ্জিয়া মানুষের অধিকার রক্ষায় সংগঠন কাজ চালিয়ে যাবে বলে জানান আসুর মুখ্য উপদেষ্টা ড. সমুজ্জ্বল কুমার ভট্টাচার্য।

নতুন প্রতীকচিহ্নে আসুর ছয় দশকের পথচলা, আদর্শ ও সংগ্রামকে তুলে ধরা হয়েছে। এতে থাকা মশাল অন্ধকার দূর করে আলো ছড়ানোর পাশাপাশি সাহস ও দৃঢ়তার প্রতীক। মুঠোবদ্ধ হাতে ধরা কলম শিক্ষা ও সংগ্রামের সমন্বয়কে এবং খোলা বই জ্ঞান, শিক্ষা ও প্রগতিশীল চিন্তার প্রতিনিধিত্ব করছে।

প্রতীকচিহ্নে ব্যবহৃত লাল রং ত্যাগ, সাহস ও নিষ্ঠার, সবুজ রং সমৃদ্ধি ও সচেতনতার এবং নীল রং ধারাবাহিকতা, অধ্যবসায় ও আদর্শের গভীরতার প্রতীক বলে জানানো হয়েছে।

সম্মেলনে শিক্ষা ব্যবস্থার উন্নতি, অসমিয়া ভাষা সংরক্ষণ এবং খিলঞ্জিয়া মানুষের পরিচয় ও অধিকার রক্ষাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানায় আসু। জাতীয় নাগরিকপঞ্জি পুনর্বিবেচনা, ভোটার তালিকার বিশেষ সংশোধন এবং নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চলা আইনি লড়াইয়ের প্রশ্নেও সংগঠনটি নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে। গ্রামাঞ্চলে গ্রন্থাগার গড়ে শিক্ষার পরিবেশ উন্নত করার দাবিও তোলা হয়।

অসমিয়া ভাষা সংরক্ষণ প্রসঙ্গে ড. হিতেশ ডেকা বলেন, শুধু ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেলেই ভাষার অস্তিত্ব সুরক্ষিত হবে না। ভাষার ব্যবহার ও চর্চা বাড়ানোও সমান জরুরি।

১৯৬৭ সালের ৮ অগস্ট তেজপুরে এক অধিবেশনে আসু আনুষ্ঠানিক ভাবে তাদের সংবিধান গ্রহণ করেছিল। চলতি বছরের ৮ অগস্ট থেকেই হীরকজয়ন্তী কর্মসূচি শুরুর পরিকল্পনা ছিল। তবে উজনি অসমের বন্যা পরিস্থিতির কারণে কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন পিছিয়ে যায়। শেষ পর্যন্ত ২৩ নভেম্বরের সম্মেলন থেকেই উদ্‌যাপন শুরু হল।