গুয়াহাটি: দক্ষতা বিকাশ ও কারিগরি শিক্ষার পরিকাঠামো মজবুত করতে অসমে ৪,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। শিল্পের চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই এই উদ্যোগের লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।

টাটা টেকনোলজিস এবং ২০টির বেশি আন্তর্জাতিক অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারারের সহযোগিতায় ২,৩৯০ কোটি টাকা খরচে ৭৭টি কারিগরি প্রতিষ্ঠান আধুনিকীকরণ করা হবে। এর মধ্যে রয়েছে ৪৩টি আইটিআই ও ৩৪টি পলিটেকনিক প্রতিষ্ঠান। সেখানে বৈদ্যুতিক যান, শিল্প-রোবট, থ্রি-ডি প্রিন্টিং, ইন্টারনেট অব থিংস এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক উৎপাদন প্রযুক্তির প্রশিক্ষণ দেওয়া হবে।

মঙ্গলদৈতে ১,০১৬ কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হচ্ছে অসম স্কিল ইউনিভার্সিটি। সেখানে কারিগরি ডিপ্লোমা থেকে বি.টেক, এমবিএ এবং গবেষণামূলক ডক্টরেট স্তরের পাঠ্যক্রম থাকবে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স ও ডিজিটাল ম্যানুফ্যাকচারিংয়ের মতো বিষয়েও পড়াশোনার পরিকল্পনা রয়েছে।

টাটা নেলকো এবং অসমের সমগ্র শিক্ষা অভিযানের সহযোগিতায় ৬০০ কোটি টাকা ব্যয়ে হাব-অ্যান্ড-স্পোক দক্ষতা বিকাশ নেটওয়ার্ক গড়ে তোলা হবে। এই প্রকল্পে শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে ৫০টি স্কিল হাব ও ৫০০টি স্পোক সেন্টার স্থাপন করে গ্রামীণ যুবক-যুবতীদের শিল্পভিত্তিক প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে।

পিএম-সেতু প্রকল্পের আওতায় যোরহাটে নুমলীগড় শোধনাগারের সহযোগিতায় এবং তিনসুকিয়ায় অয়েল ইন্ডিয়া লিমিটেডের সহযোগিতায় আইটিআই ক্লাস্টার গড়ার কথাও জানানো হয়েছে। গুয়াহাটিতে ইতিমধ্যেই স্কিল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার স্থাপন করা হয়েছে।

মাজুলি, কোকরাঝাড়, শিলচর ও ডিব্রুগড়-সহ রাজ্যের বিভিন্ন জেলায় ৯টি মাল্টি-স্কিল সেন্টার অব এক্সেলেন্স গড়ার পরিকল্পনা রয়েছে। সিঙ্গাপুরের আইটিই-র সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে অসমের যুবক-যুবতীদের বিদেশে কর্মসংস্থানের জন্য প্রস্তুত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

অসমকে পূর্ব ভারতের দক্ষতা বিকাশের কেন্দ্র হিসেবে গড়ে তোলাই এই পদক্ষেপের উদ্দেশ্য, বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।