গুয়াহাটি, ৩ নভেম্বর:
গুয়াহাটির জলুকবাড়িতে অবস্থিত অসম ইঞ্জিনিয়ারিং কলেজের (AEC) ৭ নম্বর হোস্টেলের পানীয় জলের ট্যাঙ্কে পচে যাওয়া একটি বাঁদরের মৃতদেহ উদ্ধার হয়েছে। এই ঘটনার পর ৫০ জনেরও বেশি পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর।
পড়ুয়াদের অভিযোগ, প্রায় এক সপ্তাহ ধরে মৃত বাঁদরটি ট্যাঙ্কের ভিতরে পড়েছিল। সেই সময় হোস্টেলের আবাসিকরা পানীয় জল এবং রান্নার কাজে ওই জলই ব্যবহার করছিলেন।
পড়ুয়ারা আরও অভিযোগ করেছেন, মৃতদেহ উদ্ধারের কয়েক দিন আগে থেকেই জল থেকে দুর্গন্ধ বের হচ্ছিল।
এই ঘটনায় কলেজের পানীয় জলের গুণমান, হোস্টেলের রক্ষণাবেক্ষণ এবং পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।
তবে অসুস্থ পড়ুয়ার প্রকৃত সংখ্যা এবং অসুস্থতার কারণ এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। কলেজ কর্তৃপক্ষের বক্তব্যের অপেক্ষা করা হচ্ছে।