ওদালগুড়ি, মঙ্গলবার: ভারত-ভুটান সীমান্তবর্তী ওদালগুড়ি জেলার ডিমাকুছির ২ নম্বর বামুনজুলিতে বুনো হাতির হামলায় মৃত্যু হল জিৎ বাহাদুর ছেত্রী নামে প্রায় ৬০ বছরের এক শ্রমিকের। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে।

জানা গিয়েছে, সকালে হাঁটতে বেরিয়ে রাজপথে একটি বুনো হাতির সামনে পড়েন জিৎ বাহাদুর। হাতিটি তাঁকে আক্রমণ করে পিষে দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দারা দেহটি দেখতে পেয়ে বন দফতর এবং ডিমাকুছি থানায় খবর দেন।

ডিমাকুছি, বামুনজুলি, বাদলাপাড়া, রজাগড়, নালাপাড়া ও টেংকিস্তি-সহ ভারত-ভুটান সীমান্তের বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন ধরেই হাতি-মানুষ সংঘাত চলছে। স্থানীয়দের দাবি, ওই একই এলাকায় এর আগেও বুনো হাতির হামলায় তিন জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, খাবারের খোঁজে পাশের বরনদী অভয়ারণ্যের জঙ্গল থেকে হাতির দল লোকালয়ে চলে আসায় সংঘাত বেড়েছে। বন ধ্বংস এবং হাতির চলাচলের এলাকা ও করিডর দখল হয়ে যাওয়াকেও সমস্যার কারণ বলে মনে করছেন বিভিন্ন মহল।

এলাকাবাসীর অভিযোগ, বার বার এমন ঘটনা ঘটলেও বন দফতর ও বিটিআর সরকার হাতি-মানুষ সংঘাত ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। তাঁদের দাবি, গত এক বছরে জেলায় বুনো হাতির হামলায় ১৫ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। মানুষের হামলায় প্রায় ৭ থেকে ৮টি হাতিরও মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন সংগঠন।