আগামী পাঁচ বছরে অসম পুলিশে ২০ হাজারের বেশি নতুন নিয়োগ করা হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। লাচিত বরফুকন পুলিশ অ্যাকাডেমির সমাবর্তন অনুষ্ঠানে তিনি রাজ্যের যুবক-যুবতীদের জন্য পুলিশ বিভাগে নতুন কর্মসংস্থানের সুযোগের কথা জানান।

মুখ্যমন্ত্রী জানান, আগামী ১ ফেব্রুয়ারি থেকে অসম পুলিশের ৫,৭৭৬টি পদের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এর মধ্যে বিভিন্ন বিভাগের কনস্টেবল পদও রয়েছে।

ঘোষিত পদগুলির মধ্যে অসম পুলিশে ২,২৩৬টি, এপিআরও-তে ৬৮৪টি, দমকল বাহিনীতে ৪৯০টি, বন বিভাগে ১৩টি, হোমগার্ডে ১,০০৭টি, অন্যান্য বিভাগে ৮২৭টি এবং কারাগার বিভাগে ১৯১টি পদ রয়েছে।

অসম পুলিশে শীঘ্রই আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চলছে বলেও জানান মুখ্যমন্ত্রী। প্রায় ১,০০০ যুবক-যুবতীর চাকরির সুযোগ তৈরি করতে একটি নতুন পুলিশ ব্যাটালিয়ন গঠনের পরিকল্পনাও করা হয়েছে।

রাজ্যে আরও একটি এসডিআরএফ ব্যাটালিয়ন গঠনের কথাও ঘোষণা করেছেন তিনি।

কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীতে রাজ্যের যুবক-যুবতীদের নিয়োগের সুযোগ বাড়াতে অসমেই সিআরপিএফ এবং সিআইএসএফের দু’টি নতুন নিয়োগ পরীক্ষাকেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য ধেমাজি জেলায় জমি চিহ্নিত করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।