ডিব্রুগড়, ২৩ নভেম্বর: ডিব্রুগড় জেলার লেজাই এলাকার চেচা দেবানবাড়ি গ্রামে চিতাবাঘের হামলায় চার জন আহত হয়েছেন। বন দফতরের উদ্ধার অভিযানের সময় জাল ছিঁড়ে বেরিয়ে উপস্থিত লোকজনের উপর হামলা চালায় প্রাণীটি। পরে উত্তেজিত গ্রামবাসীরা চিতাবাঘটিকে মেরে ফেলেন।

সোমবার সকালে গ্রামবাসীরা চিতাবাঘটিকে দেখতে পেয়ে বন দফতরে খবর দেন। খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রাণীটিকে ধরার চেষ্টা শুরু করেন।

অভিযোগ, অভিযানের জন্য বন দফতরের কর্মীদের কাছে পর্যাপ্ত সরঞ্জাম ছিল না। চিতাবাঘটিকে ধরতে তাঁরা শুধু একটি জাল নিয়ে এসেছিলেন বলে জানা গিয়েছে।

স্থানীয়দের সহায়তায় জাল ফেলে চিতাবাঘটিকে ধরার চেষ্টা চলছিল। সেই সময় প্রাণীটি জাল ছিঁড়ে বেরিয়ে এসে সেখানে থাকা লোকজনকে আক্রমণ করে। হামলায় চার জন আহত হন।

আহত চার জনকেই চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় বন দফতরের উদ্ধার অভিযানের প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। পর্যাপ্ত সরঞ্জাম ছাড়া এ ধরনের অভিযান চালানোর অভিযোগে উদ্বেগও তৈরি হয়েছে।