গুয়াহাটি, ২৩ নভেম্বর: গুয়াহাটির নারেঙ্গি রেলস্টেশনের কাছে রেললাইন থেকে প্রায় ২৫ লক্ষ টাকা নগদ-সহ উদ্ধার হওয়া দেহটির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। মৃতের নাম বিশ্বজিৎ দেবনাথ।
শনিবার সন্ধ্যা প্রায় ৭টা নাগাদ স্থানীয় বাসিন্দারা রেললাইনে দেহটি দেখতে পেয়ে রেল পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহটি উদ্ধার করে এবং মৃতের কাছে বিপুল পরিমাণ নগদ টাকা পায়। পরে টাকার অঙ্ক প্রায় ২৫ লক্ষ বলে অনুমান করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, গুয়াহাটি থেকে শ্রীভূমি যাওয়ার পরিকল্পনা ছিল বিশ্বজিতের। কিন্তু ভুল করে তিনি ‘কলংপার প্যাসেঞ্জার’ ট্রেনে উঠেছিলেন বলে তদন্তে উঠে এসেছে। তিনি টিকিট ছাড়াই যাত্রা করছিলেন বলেও জানা গিয়েছে।
তবে গুয়াহাটি রেলস্টেশনের সিসিটিভি ফুটেজে বিশ্বজিৎকে কোনও ট্রেনে উঠতে বা নামতে দেখা যায়নি। ফলে মৃত্যুর আগে তাঁর গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহে তদন্তকারীদের সমস্যা হচ্ছে।
পল্টনবাজারের রেল পুলিশ মৃতের শিলঙে থাকা পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। তাঁর ভাই দেহটি আনুষ্ঠানিক ভাবে শনাক্ত করতে গুয়াহাটিতে আসছেন বলে জানা গিয়েছে।
বিশ্বজিতের কাছে মেলা প্রায় ২৫ লক্ষ টাকার উৎস এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। ওই টাকা তিনি কী ভাবে পেয়েছিলেন এবং তাঁর মৃত্যুর সঙ্গে টাকার কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণও এখনও স্পষ্ট নয়। তদন্ত চলছে।