জয়পুর, ৩ নভেম্বর: কাছাড় জেলার জয়পুরে নিখোঁজ হওয়ার প্রায় এক সপ্তাহ পরে এক মাসের শিশুকন্যার কঙ্কাল উদ্ধার হয়েছে। শিশুটিকে খুনের সন্দেহে তার মা অনামিকা সিং ছেত্রীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় এক সপ্তাহ আগে অনামিকা তাঁর এক মাসের কন্যাসন্তান এবং তিন বছরের আর একটি কন্যাকে নিয়ে বাড়ি থেকে নিখোঁজ হন। তাঁর স্বামী দেবাশীষ সিং ছেত্রী অসমের বাইরে কর্মরত ছিলেন।
স্ত্রী ও দুই মেয়ের খোঁজ না পেয়ে দেবাশীষের বাবা তাঁকে খবর দেন এবং জয়পুর থানার সঙ্গে যোগাযোগ করেন। এর পরে তদন্তে নামে পুলিশ। অনামিকার মোবাইল ফোনের অবস্থান অনুসরণ করে পুলিশের সন্দেহ, তিনি ট্রেনে অসমের বাইরে চলে গিয়েছেন।
পুলিশ জানিয়েছে, দেবাশীষ হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলেন। সেই কথোপকথনে অনামিকা তাঁকে জানিয়েছিলেন, এক মাসের শিশুকন্যাকে খুন করে বাড়ির কাছের নদীর ধারে ফেলে রেখে এসেছেন তিনি।
এই তথ্য পাওয়ার পরে পরিবারের লোকজন নদীর পাড়ে খোঁজ চালিয়ে শিশুটির কঙ্কাল উদ্ধার করেন। পরে পুলিশ দেহাবশেষ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বন্যপ্রাণী মৃতদেহের কিছু অংশ খেয়ে ফেলায় কেবল কঙ্কালই উদ্ধার হয়েছে। শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার পরিস্থিতি এখনও নিশ্চিত নয়। তদন্ত চলছে।