ডিগবৈ, ২৩ নভেম্বর: যানবাহন চলাচল নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন প্রান্তে ব্যাপক তল্লাশি অভিযান চালাল ডিগবৈ মহকুমা পুলিশ প্রশাসন। সন্ধ্যায় ডিগবৈ-দুলিয়াজান সড়কের ন্যাশনাল স্কুলের সামনে দু’চাকা ও চারচাকা গাড়ির প্রয়োজনীয় নথি পরীক্ষা করা হয়।

টিংরাই বাজার, পাবৈ বাজার এবং এওডি স্কুলের কাছে অটোরিকশা স্ট্যান্ডেও অভিযান চালানো হয়। ডিগবৈ মহকুমা পুলিশ আধিকারিক হিমাংশু গোঁহাইয়ের নেতৃত্বে এই অভিযানে ছিলেন ডিগবৈ থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রাঞ্জল চেতিয়া-সহ পুলিশের একটি বড় দল।

অটোরিকশাচালক ও গাড়ির চালকদের যানবাহন চলাচলের বিভিন্ন নিয়ম, মোটর ভেহিকল অ্যাক্টের বিধান এবং সংশ্লিষ্ট আইনি বিষয় সম্পর্কে সচেতন করা হয়। পুলিশ জানিয়েছে, যানবাহন চলাচলের নিয়ম ভাঙলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইন মেনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

গত কয়েক দিন ধরে প্রতিদিন গাড়ির নথি পরীক্ষা চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এর ফলে শহরে প্রায় সকলকেই হেলমেট পরে দু’চাকার গাড়ি চালাতে দেখা যাচ্ছে। নিয়মিত তল্লাশিতে প্রয়োজনীয় নথি ও লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর জন্য জরিমানাও করা হচ্ছে।