প্রতিরক্ষা মন্ত্রকের অধীন বিভিন্ন সংস্থার পাশাপাশি কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী, সীমান্ত নিরাপত্তা বাহিনী, সশস্ত্র সীমা বল এবং ভারত-তিব্বত সীমান্ত পুলিশকে সতর্ক করা হয়েছে।
হোয়াটসঅ্যাপ বা অন্য কোনও সামাজিক মাধ্যমের গ্রুপে সরকারি, গোপনীয় কিংবা শ্রেণিবদ্ধ তথ্য আদান-প্রদান না করতে কর্মীদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট গ্রুপগুলির প্রশাসকদের প্রত্যেক সদস্যের পরিচয় নিশ্চিত করতে বলা হয়েছে। অচেনা নম্বর বা ভুয়ো পরিচয় ব্যবহারকারী সদস্যদের গ্রুপ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশও রয়েছে। কর্মীদের মধ্যে সাইবার নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়াতে বিশেষ কর্মসূচি নেওয়ার কথাও বলা হয়েছে।
এর আগে সীমান্তবর্তী রাজ্যগুলিতে বেআইনি ভাবে সিম কার্ড সংগ্রহ ও সরবরাহ করা একাধিক চক্রের খোঁজ পেয়েছিল ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলি। বিদেশে থাকা গুপ্তচরকর্মীরা ভারতীয় নম্বর হিসেবে ওই সিমগুলি ব্যবহার করে বিভিন্ন যোগাযোগমাধ্যমে ঢুকে পড়তে পারে কি না, তা-ও তদন্তের আওতায় এসেছে।
এখন সন্দেহজনক মোবাইল নম্বর, হোয়াটসঅ্যাপ প্রোফাইল এবং সংশ্লিষ্ট গ্রুপগুলির সদস্যদের পরিচয় যাচাই করছে নিরাপত্তা সংস্থাগুলি। কারা ওই গ্রুপগুলিতে ঢুকেছিলেন, কত দিন ধরে তথ্য সংগ্রহ করেছিলেন এবং কোনও সংবেদনশীল তথ্য পাঠানো হয়েছিল কি না, সেই সব দিক খতিয়ে দেখা হচ্ছে।