গুয়াহাটি, ২৩ নভেম্বর: অসমে পৃথক বড়োল্যান্ড রাজ্য গঠনের দাবি ফের সক্রিয় করে তুলল বড়োল্যান্ড জনজাতি সুরক্ষা মঞ্চ (বিজেএসএম)। আগামী ২৫ নভেম্বর দেবরগাঁয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছে সংগঠনটি। সেখানে দাবির সমর্থনে গণতান্ত্রিক ও অহিংস আন্দোলন শুরুর কৌশল নির্ধারিত হতে পারে বলে জানা গিয়েছে।
বড়ো সংগঠন, জনজাতি নেতা, বুদ্ধিজীবী, নিখিল বড়ো ছাত্র সংঘের (এবিএসইউ) প্রাক্তন নেতা এবং অন্য খিলঞ্জি সংগঠনগুলিকে বৈঠকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে বিজেএসএম। রাজনৈতিক মতভেদ ও সাংগঠনিক ফারাকের ঊর্ধ্বে উঠে পৃথক বড়োল্যান্ডের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানিয়েছে সংগঠনের নেতৃত্ব।
সোমবার প্রকাশিত বিবৃতিতে বিজেএসএমের কার্যনির্বাহী সভাপতি দাওরাও দেক্রেব নার্জারি প্রস্তাবিত বড়োল্যান্ডের ভৌগোলিক সীমানা নিয়ে নিজের মত প্রকাশ করেন। তাঁর মতে, ব্রহ্মপুত্রের উত্তর পাড়ের বড়ো-অধ্যুষিত এলাকাগুলি নিয়ে পশ্চিমে সংকোশ নদী থেকে পূর্বে সাদিয়া পর্যন্ত, ভুটানের পাদদেশ ঘেঁষে পৃথক রাজ্য গঠন করা উচিত।
বড়োরা অসমের অন্যতম প্রাচীন খিলঞ্জি জনগোষ্ঠী। প্রাগজ্যোতিষপুর ও কামরূপের প্রাচীন ইতিহাসের সঙ্গেও এই জনগোষ্ঠীর ঐতিহাসিক সম্পর্ক রয়েছে।
নার্জারির অভিযোগ, স্বাধীনতার পর থেকে অসমের বিভিন্ন সরকার বড়ো ও অন্য খিলঞ্জি জনজাতি জনগোষ্ঠীর রাজনৈতিক, ভাষাগত, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক অধিকার রক্ষায় যথেষ্ট পদক্ষেপ করেনি। অসমিয়া ভাষা ও সংস্কৃতির আধিপত্যের ফলে জনজাতিগুলির নিজস্ব ভাষা-সংস্কৃতি এবং সাংবিধানিক অধিকার উপেক্ষিত হয়েছে বলেও তাঁর দাবি।
জনজাতি বেল্ট ও ব্লকে জমির সুরক্ষাব্যবস্থা ক্রমশ দুর্বল হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। বড়োদের পূর্বপুরুষের জমি ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় বর্তমান রাজনৈতিক ব্যবস্থা যথেষ্ট নয় বলেও বিজেএসএমের দাবি।
নার্জারি জানান, ১৯৬৭ সালে উদয়াচল আন্দোলনের মাধ্যমে পৃথক রাজ্যের দাবির সূত্রপাত হয়েছিল। পরে বড়োফা উপেন্দ্র নাথ ব্রহ্মের নেতৃত্বে বড়োল্যান্ড আন্দোলন নতুন রূপ পায়। বড়োল্যান্ড স্বশাসিত পরিষদ, বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল এবং বড়োল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়ন গঠনের চুক্তিগুলিও বড়ো জনগোষ্ঠীর মূল রাজনৈতিক আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি বলে তাঁর মন্তব্য।
বড়ো ভাষা সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত এবং বিটিসি এলাকায় সরকারি ভাষার স্বীকৃতি পেলেও ভাষা ও সংস্কৃতির অধিকার এখনও চ্যালেঞ্জের মুখে বলে অভিযোগ বিজেএসএমের। অসম বিধানসভার মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বড়ো লিপি, লেখালিখি ও ঐতিহ্যগত সাংস্কৃতিক প্রতীককে যথাযথ সম্মান দেখানো হয় না বলেও সংগঠনটির দাবি।
বিজেএসএমের বক্তব্য, পৃথক বড়োল্যান্ড রাজ্য গঠিত হলে বড়ো ভাষা, সাহিত্য, সংস্কৃতি, পূর্বপুরুষের জমি ও রাজনৈতিক পরিচয় রক্ষায় আরও কার্যকর গণতান্ত্রিক ও সাংবিধানিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। সংগঠনটির দাবি, বড়োল্যান্ডের প্রশ্নটি শুধু রাজনৈতিক নয়, ঐতিহাসিক পরিচয়, মর্যাদা, অস্তিত্ব এবং ভবিষ্যতের অধিকারের সঙ্গেও জড়িত।