গুয়াহাটি, ২৩ নভেম্বর: আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি অর্জন ও অর্থপাচার মামলায় সাময়িক বরখাস্ত অসম সিভিল সার্ভিসের আধিকারিক নুপুর বরার ৭০.০৯ লক্ষ টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি অস্থায়ী ভাবে জব্দ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। পিএমএলএ, ২০০২-এর আওতায় এই পদক্ষেপ করা হয়েছে।

ইডির গুয়াহাটি জোনাল অফিস-১ জানিয়েছে, বরপেটায় সার্কল অফিসার হিসেবে কর্মরত থাকার সময় নুপুরের বিরুদ্ধে ওঠা আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি অর্জনের অভিযোগের তদন্তে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রীর বিশেষ নজরদারি শাখার অধীন নজরদারি থানায় নুপুর ও অন্য কয়েক জনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার ভিত্তিতেই ইডি তদন্ত শুরু করে। ২০১৯ ব্যাচের ওই আধিকারিককে ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর প্রথম গ্রেফতার করেছিল মুখ্যমন্ত্রীর বিশেষ নজরদারি শাখা। পরে তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জমি জালিয়াতির একটি মামলায় তাঁকে ফের গ্রেফতার করা হয়।

আয়ের সঙ্গে সঙ্গতিহীন ৪.০১ কোটি টাকার সম্পত্তির অভিযোগ

নজরদারি পুলিশ ২০২৫ সালের ১২ নভেম্বর নুপুরের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়। ২০২৬ সালের ৩১ মার্চ গুয়াহাটির বিশেষ বিচারকের আদালতে তাঁর স্বামী গগন চন্দ্র কলিতা, পিতা কিনারাম বরা এবং লাট মণ্ডল সুরজিৎ ডেকার বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্রও জমা পড়ে।

অভিযোগপত্র অনুযায়ী, ২০১৯ সালের ১৭ জানুয়ারি থেকে ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পর্যালোচ্য সময়কালে নুপুর তাঁর পরিচিত আয়ের উৎসের তুলনায় ৪.০১ কোটি টাকা বেশি মূল্যের সম্পত্তি অর্জন করেন বলে অভিযোগ। এই অঙ্ক তাঁর মোট পরিচিত আয়ের ৪৫৮.৬৪ শতাংশ বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।

ইডির দাবি, সার্কল অফিসার থাকাকালীন নুপুর বিপুল পরিমাণ হিসাববহির্ভূত নগদ সংগ্রহ করেছিলেন। সেই টাকা নিজের পাশাপাশি পিতা ও স্বামীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করে লেনদেন করা হয় বলে তদন্তে উঠে এসেছে। অধস্তন কর্মী সুরজিৎ ও তাঁর পিতার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করেও টাকা সরানো হয়েছিল বলে ইডির অভিযোগ। পরে সেই অর্থ নুপুরের গৃহঋণ ও সঞ্চয়ী অ্যাকাউন্টে পাঠানো হয় বলে সংস্থাটির দাবি।

ইডির বক্তব্য, ওই অর্থ মিউচুয়াল ফান্ড, জীবনবিমার প্রিমিয়াম এবং জমি কেনার কাজে বিনিয়োগ করা হয়েছিল। জব্দ হওয়া সম্পত্তির মধ্যে রয়েছে নুপুরের নামে ১৩.৪৫ লক্ষ টাকার এসবিআই মিউচুয়াল ফান্ড ইউনিট, ২১.৬৪ লক্ষ টাকার তিনটি জীবনবিমা প্রকল্প এবং মাজ জালুকবাড়ি ও গরল গাঁয়ে দুইটি জমি কেনার চুক্তিতে অগ্রিম দেওয়া ৩৫ লক্ষ টাকা। গুয়াহাটির একটি ফ্ল্যাটের জন্য দেওয়া অর্থও তদন্তের আওতায় রয়েছে।

এর আগে, ২০২৬ সালের ২ এপ্রিল গুয়াহাটির বিশেষ বিচারকের আদালত ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ২০২৩-এর ১০৭ ধারা অনুযায়ী প্রায় ২.৯২ কোটি টাকার নগদ, সোনা-গয়না, ফ্ল্যাট, জমি, গাড়ি ও ব্যাঙ্কে থাকা অর্থ জব্দের নির্দেশ দিয়েছিল। ইডির সাম্প্রতিক তথ্য অনুযায়ী, পিএমএলএ মামলা এবং মূল মামলা মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় ৩.৬২ কোটি টাকার সম্পত্তি জব্দ করা হয়েছে। তদন্ত চলছে।