নয়াদিল্লি, ২৪ নভেম্বর: মঙ্গলবার সকালে নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্পে উত্তরবঙ্গ ও সিকিমের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে। বিহারেরও একাধিক জেলায় কম্পন অনুভূত হওয়ার খবর মিলেছে।

জাতীয় ভূকম্পনবিদ্যা কেন্দ্র জানিয়েছে, সকাল প্রায় ৭টা ২ মিনিট নাগাদ ভূমিকম্পটি হয়। উত্তরবঙ্গের শিলিগুড়ি, মিরিক ও দার্জিলিঙে কম্পন অনুভূত হয়েছে। সিকিমের গ্যাংটক ও মাঙ্গানেও কম্পন অনুভব করেছেন স্থানীয়েরা।

বিহারের পূর্ণিয়া, কাটিহার, আরারিয়া, কিষাণগঞ্জ, সহারসা, মধেপুরা, সুপৌল, দ্বারভাঙা ও মধুবনীতেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।

দার্জিলিঙের এক জ্যেষ্ঠ পুলিশ আধিকারিক জানিয়েছেন, খবর লেখা পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও তথ্য পাওয়া যায়নি। সিকিম রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের এক আধিকারিকও জানিয়েছেন, ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। তবে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।

দার্জিলিঙে বেড়াতে যাওয়া পর্যটকেরাও সকালের কম্পন টের পান। এক পর্যটক জানান, দার্জিলিং মলের কাছে একটি দর্শনস্থলে থাকার সময়ে প্রথমে তাঁর মাথা ঘোরার মতো অনুভূতি হয়েছিল। পরে অন্যরাও কম্পন অনুভব করার কথা বলায় ভূমিকম্প হয়েছে বলে তাঁরা বুঝতে পারেন।

ভূমিকম্পের পরে উত্তরবঙ্গ ও সিকিমে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ্যে আসেনি।