দেরগাঁও: অসম পুলিশের বিশেষ কমান্ডো বাহিনী ‘স্মার্ট রেসপন্স ইউনিট’ আনুষ্ঠানিক ভাবে চালু হল। দেরগাঁওয়ের লাচিত বরফুকন পুলিশ অ্যাকাডেমিতে উপ-পরিদর্শক ও কনস্টেবলদের পাশিং আউট প্যারেডে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
নতুন বাহিনীটিকে দু’টি পৃথক দলে ভাগ করা হয়েছে— আরবান ইন্টারভেনশন ইউনিট এবং জঙ্গল ইন্টারভেনশন ইউনিট। শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় জটিল অপরাধ ও জঙ্গি হুমকি মোকাবিলা এবং পাহাড়-জঙ্গলের দুর্গম এলাকায় অভিযান চালানোর জন্য দল দু’টিকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
প্রতিটি দলে রয়েছেন ৬৫ জন করে কমান্ডো। দুই দলে মোট কমান্ডোর সংখ্যা ১৩০। প্রতিটি ৬৫ সদস্যের দলে ১৩ জন প্রশিক্ষিত মহিলা কমান্ডো রয়েছেন। বাকি ৫২ জন পুরুষ জওয়ানকেও আধুনিক অস্ত্রশস্ত্র ও বিশেষ অভিযানের কৌশলে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মার্চ থেকে এই বিশেষ বাহিনী গঠনের প্রক্রিয়া শুরু হয়েছিল। অসম পুলিশের মূল বাহিনী থেকে বাছাই করা ১৬০ জন প্রার্থীর এক মাসের শারীরিক ও মানসিক পরীক্ষার পরে চূড়ান্ত ১৩০ জন কমান্ডোকে নির্বাচিত করা হয়।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ মোকাবিলার জন্য কমান্ডোদের উচ্চপর্যায়ের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং আধুনিক সরঞ্জামে সজ্জিত করা হয়েছে। আকস্মিক সঙ্কটে সাধারণ পুলিশের বদলে এই বিশেষ প্রশিক্ষিত বাহিনীকে দ্রুত মোতায়েন করাই ইউনিট গঠনের অন্যতম উদ্দেশ্য।
কোন কোন স্পর্শকাতর জেলায় বাহিনীটিকে মোতায়েন করা হবে, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। কমান্ডোদের দেওয়া অস্ত্রশস্ত্র ও প্রযুক্তিগত সরঞ্জাম সম্পর্কেও বিশদ তথ্য জানানো হয়নি।