দেরগাঁও, লাচিত দিবস উপলক্ষে আয়োজিত দীক্ষান্ত প্যারেডে প্রশিক্ষণ শেষ করে অসম পুলিশে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ১,৬৬৫ জন নতুন ক্যাডেট। তাঁদের মধ্যে ১,১৮৯ জন পুরুষ এবং ৪৭৬ জন মহিলা।

দেরগাঁওয়ের লাচিত বরফুকন পুলিশ অ্যাকাডেমির এটি অষ্টম সমাবর্তন। ২০২৫ সালের ২৯ ডিসেম্বর শুরু হওয়া প্রশিক্ষণ কর্মসূচিতে উপ-পরিদর্শক (যোগাযোগ) এবং সশস্ত্রবিহীন শাখার কনস্টেবলরা অংশ নিয়েছিলেন।

নিয়মিত পুলিশ কনস্টেবল ছাড়াও অ্যাকাডেমিটিতে কমান্ডো, বন পুলিশ, বেতার শাখার জওয়ান এবং উপ-পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিকদেরও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগে গোয়া ও মণিপুর পুলিশের জওয়ানেরাও এখানে প্রশিক্ষণ নিয়েছেন।

রাজ্য সরকারের লক্ষ্য, দেরগাঁও পুলিশ অ্যাকাডেমিকে জাতীয় স্তরের প্রশিক্ষণকেন্দ্র হিসেবে গড়ে তোলা। সেই পরিকল্পনার অংশ হিসেবে আগামী ডিসেম্বর বিশেষ প্রশিক্ষণের জন্য জাতীয় নিরাপত্তা রক্ষীবাহিনী, অর্থাৎ এনএসজির একটি কমান্ডো দল দেরগাঁওয়ে আসবে।

পরবর্তী পর্যায়ে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রায় ৫ হাজার জওয়ানকে এই অ্যাকাডেমিতে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও নেওয়া হয়েছে।

অ্যাকাডেমির পরিকাঠামো সম্প্রসারণের কাজ দ্রুতগতিতে চলছে। আগামী দু’বছরের মধ্যে তা শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, ভবিষ্যতের প্রশিক্ষণার্থীদের জন্য উন্নত আবাসনের ব্যবস্থা এবং বিশেষ পাঠ্যক্রমও তৈরি করা হবে।