শিলচর: ৯ বছরের এক শিশুকে বার বার যৌন নির্যাতনের অভিযোগে ৩২ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। কাছার জেলার শিলচরের রংপুর এলাকা থেকে তাঁকে আটক করার পরে গ্রেফতার করা হয়।
শিশুটির মায়ের অভিযোগ, গত ১১ নভেম্বর অসুস্থ হয়ে পড়লে শিশুটিকে চিকিৎসকের কাছে নিয়ে যান তিনি। পরীক্ষা করে চিকিৎসক শিশুটি যৌন নির্যাতনের শিকার হয়ে থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন। এর পরে মা রঙিরখাড়ি পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন।
মায়ের দাবি, অভিযোগ পাওয়ার পরেও প্রথমে পুলিশ এফআইআর নথিভুক্ত করেনি এবং শিশুটির স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও করা হয়নি। ফাঁড়ি থেকে কোনও সাড়া না মেলায় তিনি কাছারের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) পি পি শইকিয়ার কাছে নতুন করে অভিযোগ জমা দেন। তার পরেই সোমবার পকসো আইনে মামলা রুজু হয়।
মায়ের বক্তব্য, অভিযুক্তের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং তাঁদের বিয়ের কথাও চলছিল। শিশুটিও ওই ব্যক্তিকে ‘বাবা’ বলে ডাকত। সেই বিশ্বাসের সুযোগ নিয়ে অভিযুক্ত শিশুটিকে বার বার যৌন নির্যাতন করেছেন বলে অভিযোগ। ভয় দেখানোর কারণে শিশুটি এত দিন বিষয়টি মাকে জানায়নি বলেও অভিযোগ।
মামলা রুজুর খবর পেয়ে অভিযুক্ত শিলচর শহর ছেড়ে পালানোর চেষ্টা করেন বলে পুলিশ জানিয়েছে। পরে পুলিশি অভিযানে তাঁকে রংপুর এলাকা থেকে আটক করে গ্রেফতার করা হয়। শিশুটিকে ইতিমধ্যেই স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
অভিযোগ পাওয়ার পরেও দ্রুত ব্যবস্থা না নেওয়ার অভিযোগে রঙিরখাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক অনন্ত সিনহা এবং কনস্টেবল হরিপদ রায়কে সাসপেন্ড করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার পি পি শইকিয়া। কর্তব্যে গাফিলতির অভিযোগে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে।