নতুন দিল্লি: সরাইঘাটের যুদ্ধে মুঘলদের প্রতিহত করে অসম রক্ষা করা বীর লাচিত বরফুকনকে ছত্রপতি শিবাজী মহারাজের সমান ঐতিহাসিক মর্যাদা ও স্বীকৃতি দেওয়ার দাবি তুললেন অসমের মন্ত্রী পীযূষ হাজরীকা।
সদৌ তাই আহোম ছাত্র সংস্থার কেন্দ্রীয় কমিটির আয়োজিত কেন্দ্রীয় লাচিত দিবসে কৃষি, সেচ ও সংসদীয় বিষয়ক মন্ত্রী হাজরীকা বলেন, লাচিত কেবল অসমের গৌরব নন, তিনি সমগ্র দেশের বিরল প্রতীক। শিবাজীকে যেমন জাতীয় স্তরে অজেয় সেনাপতি হিসেবে সম্মান করা হয়, তেমনই লাচিতের অবদানকে দেশ ও আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠা করার সময় এসেছে বলে তিনি মন্তব্য করেন।
জাতীয় প্রতিরক্ষা অ্যাকাডেমিতে সেরা ক্যাডেটকে লাচিত বরফুকন স্বর্ণপদক দেওয়ার প্রথা ইতিমধ্যেই চালু হয়েছে। তা সত্ত্বেও ভারতের ইতিহাসচর্চায় লাচিতের বীরগাথা যে স্বীকৃতি পাওয়ার কথা ছিল, তা এখনও দেশের সর্বত্র পুরোপুরি পৌঁছয়নি বলেই অনুষ্ঠানে মত প্রকাশ করা হয়।
অসমের সামাজিক ঐক্যের প্রসঙ্গেও বক্তব্য রাখেন হাজরীকা। তাঁর বক্তব্য, সম্মিলিত আত্মমর্যাদা ও ঐতিহ্য রক্ষা করতে হলে প্রতিটি খিলঞ্জিয়া জনগোষ্ঠীকে নিজেদের মধ্যে ছোটখাটো বিভেদ ভুলতে হবে। সংকীর্ণ জনগোষ্ঠীগত সীমার ঊর্ধ্বে উঠে বৃহত্তর অসমিয়া পরিচয়কে শক্তিশালী না করলে ভবিষ্যতে অস্তিত্ব ও মর্যাদা রক্ষা কঠিন হবে বলেও তিনি সতর্ক করেন।
২০২২ সালে নতুন দিল্লিতে লাচিত বরফুকনের ৪০০তম জন্মজয়ন্তী কেন্দ্রীয় ভাবে পালিত হয়েছিল। প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে হওয়া ওই অনুষ্ঠান অসমের ইতিহাসকে জাতীয় পরিসরে তুলে ধরার পথ খুলে দিলেও, সেই উদ্যোগ ধারাবাহিক ভাবে চালিয়ে যাওয়া প্রয়োজন বলে উপস্থিত প্রতিনিধিরা মত দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর-পূর্ব উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা, দিল্লিতে বসবাসকারী বিভিন্ন জাতীয় সংগঠনের পদাধিকারী এবং আহোম সমাজের প্রতিনিধিরাও সভায় যোগ দেন।
অসমের বাইরে বিভিন্ন পাঠ্যপুস্তক ও জাতীয় পাঠ্যক্রমে লাচিতের রণকৌশল এবং দেশপ্রেমের কথা কতটা অন্তর্ভুক্ত হয়েছে, সে বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফে এখনও কোনও স্পষ্ট তথ্য প্রকাশ্যে আসেনি।