উত্তর-পূর্ব দিল্লিতে ২০২০ সালের সাম্প্রদায়িক হিংসার বৃহত্তর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত উমর খালিদ ও শারজিল ইমামের জামিনের আবেদনের শুনানি ২৫ নভেম্বর সুপ্রিম কোর্টে হওয়ার কথা।
প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনা-সহ তিন সদস্যের বেঞ্চে মামলাটির শুনানি হতে পারে।
বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের অধীনে দায়ের হওয়া মামলায় দিল্লি হাই কোর্ট জামিন দিতে অস্বীকার করার পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন জেএনইউয়ের দুই প্রাক্তন ছাত্র। তাঁদের বক্তব্য, মামলার বিচারপ্রক্রিয়া দীর্ঘ দিন ধরে বিলম্বিত হচ্ছে এবং সুরক্ষিত সাক্ষীদের পরীক্ষাও এখনও সম্পূর্ণ হয়নি।
শারজিলের আবেদনে বলা হয়েছে, ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর জমা দেওয়া চার্জশিটে ১৮ জন অভিযুক্তের নাম রয়েছে। মামলায় ৯০০-র বেশি সাক্ষীর উল্লেখ আছে, যাঁদের মধ্যে ৪৭ জন সুরক্ষিত সাক্ষী। প্রায় ছয় বছর ন’মাস বিচারাধীন অবস্থায় বন্দি থাকার পরেও কোনও সাক্ষীর পরীক্ষা সম্পূর্ণ হয়নি বলে তাঁর দাবি।
উমরও তাঁর আবেদনে সুরক্ষিত সাক্ষীদের পরীক্ষা শেষ না হওয়া এবং দীর্ঘ কারাবাসের প্রসঙ্গ তুলেছেন। তাঁর বক্তব্য, দীর্ঘ দিন কারাবন্দি থাকা সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদে সুনিশ্চিত জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকারের প্রশ্ন তোলে।
চলতি বছরের ৫ জানুয়ারি সুপ্রিম কোর্ট আগের জামিনের আবেদন খারিজ করেছিল। তবে সুরক্ষিত সাক্ষীদের পরীক্ষা শেষ হলে অথবা এক বছর পেরোলে, যে শর্তটি আগে পূরণ হবে তার ভিত্তিতে নতুন করে জামিনের আবেদন জানানো যাবে বলে আদালত জানিয়েছিল।
পরে ৩০ সেপ্টেম্বর দিল্লি হাই কোর্টও তাঁদের জামিনের আবেদন খারিজ করে। সুপ্রিম কোর্টের আগের নির্দেশ বদলানোর ক্ষমতা নিজেদের নেই বলে হাই কোর্ট জানিয়েছিল।
২০২০ সালের ফেব্রুয়ারিতে নাগরিকত্ব সংশোধনী আইনবিরোধী প্রতিবাদকে কেন্দ্র করে উত্তর-পূর্ব দিল্লিতে হিংসায় ৫৩ জনের মৃত্যু হয় এবং ৭০০-র বেশি মানুষ আহত হন। ওই ঘটনার বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগে উমর ও শারজিলের বিরুদ্ধে ইউএপিএ-র অধীনে মামলা হয়েছে। ২০২০ সালের অগস্ট ও সেপ্টেম্বরে তাঁদের গ্রেফতার করা হয়েছিল।