লখনউ: ২৮ বছরের পুরনো একটি মামলায় প্রাক্তন রাজ্যসভার সাংসদ তথা ব্যবসায়ী নেতা বনওয়ারী লাল কঞ্চলকে তিন বছরের কারাদণ্ড দিল লখনউয়ের এমপি-এমএলএ আদালত। একই মামলায় হুকুমচন্দ আগরওয়াল এবং দেশরাজ আগরওয়ালকেও তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিশেষ বিচারক উমাকান্ত জিন্দাল তিন জনকেই দোষী সাব্যস্ত করে প্রত্যেকের ৩৬ হাজার টাকা করে জরিমানা ধার্য করেছেন। রায়ের পরে তাঁদের জামিন বাতিল করে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়। পরে তিন জনকেই কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনাটি ১৯৯৮ সালের ১২ অগস্টের। অভিযোগ, সে দিন দুপুর সোয়া ১টা নাগাদ বনওয়ারী লাল কঞ্চল প্রায় ২৫০ জনকে নিয়ে লখনউয়ের হজরতগঞ্জের বাণিজ্য কর দফতরের কার্যালয়ে ঢুকেছিলেন। দফতরের তৎকালীন সহকারী কমিশনার (প্রশাসন) এম এম কাটিয়ার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়েছিল, কার্যালয়ে ঢোকা লোকজনের হাতে লাঠি-ডান্ডা ও অস্ত্রশস্ত্র ছিল। তাঁরা সরকারি কাজে বাধা দেন, আধিকারিকদের গালিগালাজ ও হুমকি দেন। বাধা দিতে গেলে আধিকারিকদের মারধর করা হয় এবং সরকারি গাড়ি ও কার্যালয় ভবনে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ।
তদন্তের পরে বনওয়ারী লাল কঞ্চল-সহ ছ’জনের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ে। বিচার চলাকালীন দুই অভিযুক্তের মৃত্যু হয়। পর্যাপ্ত প্রমাণের অভাবে রাজেন্দ্র আগরওয়ালকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
মামলায় সরকারি পক্ষ ৯ জন সাক্ষী এবং পাঁচটি নথিভিত্তিক প্রমাণ পেশ করেছিল। এর আগে সরকারি কাজে বাধা দেওয়া এবং আধিকারিককে মারধরের একটি মামলায় ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বনওয়ারী লাল কঞ্চলকে দু’বছরের কারাদণ্ড দিয়েছিল আদালত।