১ নভেম্বর থেকে তিনটি বন্দে ভারত স্লিপার ট্রেনে নতুন খাবারের তালিকা চালু করেছে ভারতীয় রেল। আগে এক বেলার খাবারে ৮ থেকে ১০ ধরনের পদ দেওয়া হলেও, এখন দেওয়া হবে মাত্র ৪ ধরনের খাবার।

নতুন দিল্লি-বারাণসী, মুম্বই-বেঙ্গালুরু এবং হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনে এই ব্যবস্থা কার্যকর হয়েছে। যাত্রীদের কাছ থেকে খাবারের মান নিয়ে অভিযোগ পাওয়ার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকেরা।

আইআরসিটিসি জানিয়েছে, খাবারের গুণমান ও পরিচ্ছন্নতার উপর আরও নজর রাখতেই তালিকা সংক্ষিপ্ত করা হয়েছে। নতুন তালিকা থেকে স্যুপ, স্যালাড, দই এবং আচার বাদ দেওয়া হয়েছে।

জলখাবারে চাটনি ও সাম্বারের সঙ্গে ইডলি-বড়া, পোহা অথবা উপমার মধ্যে একটি বিকল্প পাবেন যাত্রীরা। আগের তালিকায় থাকা স্যুপ, অমলেট, অমলেট স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ, ছাছ এবং চকোলেট আর থাকবে না।

দুপুর ও রাতের খাবারে থাকবে চাপাটি, ভাত, ডাল এবং একটি প্রধান সবজির পদ। আমিষভোজীদের জন্য মুরগির মাংসের বিকল্পও থাকবে। স্যালাড, দই, আচার, শুকনো সবজি ও মিষ্টি বাদ পড়েছে নতুন তালিকা থেকে।

খাবারের পদের সংখ্যা কমার সঙ্গে সঙ্গে মোট ওজনও কমেছে। আগে এক বেলার খাবারের ওজন প্রায় ৭০০ থেকে ৭৫০ গ্রাম ছিল। এখন তা প্রায় ৪৫০ থেকে ৫০০ গ্রাম হয়েছে। তবে আইআরসিটিসির দাবি, প্রতিটি পদের নির্ধারিত পরিমাণ কমানো হয়নি, কেবল পদের সংখ্যা কমানো হয়েছে।

খাবারের মান উন্নত করতে আগের সরবরাহকারীদের বদলে বড় বড় ক্লাউড কিচেনে খাবার তৈরির পরিকল্পনাও করা হয়েছে। যাত্রীদের প্রতিক্রিয়া এবং খাবারের মান খতিয়ে দেখে পরে অন্য ট্রেনেও এই ব্যবস্থা চালু করা হবে কি না, সেই সিদ্ধান্ত নেবে ভারতীয় রেল।