ডুমডুমা: তিনসুকিয়া জেলার ডুমডুমায় প্রস্তাবিত উড়ালপুল নির্মাণকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ দিন ডুমডুমার উচ্চামাটি দুর্গাপুজো মণ্ডপে এ নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভা হয়।

সভায় বক্তারা জানান, স্থানীয় বিধায়ক রূপেশ গোয়ালার উদ্যোগে ডুমডুমাকে নতুন রূপ দেওয়ার লক্ষ্যে নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনার মধ্যে উড়ালপুল নির্মাণও রয়েছে। তবে এর ফলে এলাকার ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন জীবন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন বাসিন্দারা।

সভায় উপস্থিত বাসিন্দারা সর্বসম্মতভাবে প্রস্তাবিত উড়ালপুল নির্মাণের বিরোধিতা করার সিদ্ধান্ত নেন। এ বিষয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, জেলাশাসক এবং ডুমডুমার সহ-জেলাশাসকের কাছে স্মারকলিপি দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে।

সভা থেকে সরকার ও প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে, উড়ালপুল নির্মাণের আগে সম্ভাব্য ক্ষতিগ্রস্ত মানুষদের জীবিকা ও স্বার্থের কথা বিবেচনা করে যথাযথ পদক্ষেপ করা হোক।