নংস্টইন, ২৫ নভেম্বর: শিশু যৌন নির্যাতনের মামলায় প্রিষ্ণ প্রদীপ নংবছাপকে ৩০ বছরের সশ্রম কারাদণ্ড দিল মেঘালয়ের নংস্টইনের বিশেষ পকসো আদালত। দোষীকে ৩০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
আদালত নির্যাতিত শিশুকে ৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে।
পূর্ব পশ্চিম খাসি পাহাড় জেলার পুলিশ জানিয়েছে, ২০২৪ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে বৌদ্ধিকভাবে বিশেষভাবে সক্ষম এক শিশুর উপর তিন বার যৌন নির্যাতনের অভিযোগ ওঠে প্রিষ্ণ প্রদীপ নংবছাপের বিরুদ্ধে। পরে শিশুটির পরিবার পুলিশের দ্বারস্থ হলে ২০২৫ সালের ৭ জানুয়ারি মামলা রুজু হয়।
মাইরাং থানায় ০৪(০১)২০২৫ নম্বর মামলাটি নথিভুক্ত হয়েছিল। শিশুটির উপর যৌন নির্যাতনের পাশাপাশি তাকে হুমকি দেওয়ার অভিযোগও মামলায় অন্তর্ভুক্ত ছিল।
মাইরাং থানার মহিলা উপ-পরিদর্শক এ থংনি তদন্তের দায়িত্বে ছিলেন। তদন্ত শেষে প্রিষ্ণ প্রদীপ নংবছাপের বিরুদ্ধে নংস্টইনের বিশেষ পকসো আদালতে বিচারপ্রক্রিয়া শুরু হয়। অভিযোগের ভিত্তিতে তাঁকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করে আদালত।
পূর্ব পশ্চিম খাসি পাহাড় জেলার পুলিশ সুপারের দফতর আদালতের রায়কে স্বাগত জানিয়েছে। পুলিশের মতে, এই রায় মহিলা ও শিশুদের নিরাপত্তার ক্ষেত্রে কার্যকর তদন্ত এবং আইনি ব্যবস্থার গুরুত্বকে ফের প্রতিষ্ঠা করেছে।
শিশুদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে তদন্ত ও বিচারপ্রক্রিয়ার মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও পুলিশের বক্তব্য।