ইম্ফল, ২৬ নভেম্বর: মণিপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক দুই অভিযানে দুই বিদ্রোহী সংগঠনের পাঁচ ক্যাডারকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। ২৫ নভেম্বর রাজ্যের বিভিন্ন এলাকায় মণিপুর পুলিশ, অসম রাইফেলস এবং নিরাপত্তাবাহিনীর যৌথ দল অভিযান চালায়।

প্রথম অভিযানে ইম্ফল পশ্চিম কমান্ডো ইউনিট এবং ৩৩ অসম রাইফেলসের যৌথ দল প্রেপাক (প্রো)-এর মহিলা ক্যাডার লাইশ্রাম চন্দ্রকলা দেবীকে গ্রেফতার করে। বামন লেইকাই নাহাবামের একটি ভাড়াবাড়ি থেকে ৫৫ বছরের চন্দ্রকলাকে আটক করা হয়।

পুলিশের দাবি, কাকচিং জেলার চৈরেল সাবাল লেইকাইয়ের বাসিন্দা চন্দ্রকলা নামবল এলাকার বিভিন্ন কলেজ থেকে টাকা দাবি করে সংগঠনের জন্য অর্থ সংগ্রহ করতেন।

অন্য অভিযানে টেংনৌপাল জেলার মোরে থানার অন্তর্গত চোংজাং এলাকা থেকে সোরেপার চার সক্রিয় ক্যাডারকে গ্রেফতার করা হয়েছে। মোরে এলাকায় মোতায়েন বিশেষ কমান্ডো ইউনিট ও ৩৬ অসম রাইফেলসের যৌথ দল আন্তর্জাতিক সীমান্তের কাছে সীমান্ত স্তম্ভ ৭৪-এর কাছে অভিযান চালিয়ে তাঁদের আটক করে।

ধৃতদের নাম কনজেনবাম দিনেশ ওরফে মেইতেই, চিনখেইমায়ুম অবিনাশ মেইতেই ওরফে টম্বা, পুথেম নানাও ওরফে পিবা এবং নিংথৌজাম অরুণকুমার মেইতেই ওরফে লুম্ফু। প্রত্যেকের বয়স ১৯ বছর। দিনেশের বাড়ি বিষ্ণুপুর জেলার কাকয়াই লাংপোকে। বাকি তিন জন ইম্ফল পূর্ব জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।

পুলিশ জানিয়েছে, ধৃত পাঁচজনের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ করা হয়েছে।