ইম্ফল, ২৬ নভেম্বর: সন্দেহজনক ভেজাল মদ খেয়ে মণিপুরে মৃতের সংখ্যা বেড়ে ২০ হল। বুধবার, ২৫ নভেম্বর ইম্ফলের রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (রিমস) চিকিৎসাধীন অবস্থায় কাকচিং জেলার ৩৫ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়।

মৃতের নাম মায়াংলাম্বাম বিক্রম। তিনি কাকচিং মাখা লেইকাইয়ের বাসিন্দা ছিলেন। পরিবারের দাবি, বুধবার সকাল প্রায় ১০টা নাগাদ পেটব্যথা, মাথা ঘোরা ও বমি বমি ভাব দেখা দেওয়ায় তাঁকে রিমসে নিয়ে যাওয়া হয়। অন্য আক্রান্তদের মধ্যেও একই ধরনের উপসর্গ দেখা গিয়েছিল বলে পরিবারগুলি জানিয়েছে।

পরিবারের বক্তব্য, বিক্রম রবিবার স্থানীয়ভাবে তৈরি মদ পান করেছিলেন। পরের দিন থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। পরিস্থিতি সঙ্কটজনক হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে পৌঁছনোর সময়েই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

এ পর্যন্ত মৃত ২০ জনের মধ্যে ১৭ জন চাণ্ডেল জেলার এবং তিন জন কাকচিং জেলার বাসিন্দা। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই মহিলা-সহ মোট ৯ জনকে সোমবার গ্রেফতার করা হয়। পরে তাঁদের আদালতে হাজির করানো হলে ছয় দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

মণিপুর সরকারের মুখপাত্র ছাপাম রঞ্জন মঙ্গলবার জানান, ঘটনার জেরে মোট ১,২৩৬ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তাঁদের মধ্যে ৮১৩ জনকে চিকিৎসার পরে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

সন্দেহজনক মদের নমুনা পরীক্ষার জন্য কলকাতার ন্যাশনাল ফুড ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। ইম্ফলের ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি ও স্টেট পাবলিক হেলথ ল্যাবরেটরিতেও অতিরিক্ত নমুনা পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট মিললে মদে থাকা ক্ষতিকারক উপাদান সম্পর্কে স্পষ্ট ধারণা মিলবে বলে আশা করা হচ্ছে।

ঘটনার পরে রাজ্যের বিভিন্ন জেলায় বেআইনি মদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। রাজ্য আবগারি দফতরের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত অভিযানে ৫,০০০ লিটারের বেশি বেআইনি মদ বাজেয়াপ্ত হয়েছে। প্রথম মৃত্যুর খবর মেলে ১০ নভেম্বর। সে দিন চাণ্ডেল জেলার আনাল খুলেন গ্রামের ৪১ বছরের লুচি হুলাঙের চকিপিকারঙের কমিউনিটি হেলথ সেন্টারে মৃত্যু হয়।