শিলং, ২৫ নভেম্বর: প্রস্তাবিত রোপওয়ে প্রকল্পের নির্ধারিত স্থান বদল বা প্রকল্পটি বাতিলের দাবিতে মেঘালয়ের রাজ্যপাল সি এইচ বিজয়শংকরের হস্তক্ষেপ চাইল জয়েন্ট অ্যাকশন কমিটি বা জেএসি। বুধবার শিলং রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করেন কমিটির প্রতিনিধিরা।
জেএসির সভানেত্রী ডেবরা মারবানিয়াং এবং সম্পাদক ডঃ লিন্ডা মারবানিয়াংয়ের নেতৃত্বে প্রতিনিধিদলটি প্রকল্পের স্থান নির্বাচন নিয়ে তাদের আপত্তির কথা রাজ্যপালের কাছে তুলে ধরে।
ডেবরা মারবানিয়াং জানান, রাজ্যপাল তাঁদের বক্তব্য মন দিয়ে শুনেছেন এবং বিষয়টি রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করার আশ্বাস দিয়েছেন। ডঃ লিন্ডা মারবানিয়াংও জানান, রাজ্যপাল তাঁদের অভিযোগগুলি গুরুত্ব সহকারে শুনেছেন।
জেএসির দাবি, তাদের আপত্তি রোপওয়ে প্রকল্পের বিরুদ্ধে নয়, প্রকল্পটির জন্য নির্বাচিত স্থানটি নিয়ে। ওই এলাকায় নির্মাণকাজ হলে পরিবেশের ক্ষতি হতে পারে এবং শিলঙের গুরুত্বপূর্ণ জলউৎস লুম শিলঙের উপরেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে কমিটি।
সেই কারণে প্রকল্পটি বাতিল করা অথবা উপযুক্ত অন্য স্থানে সরিয়ে নেওয়ার দাবি তুলেছে জেএসি। গত ২০ দিন ধরে এই দাবিতে আন্দোলন চালাচ্ছেন তাঁরা।
রাজ্যপালের সঙ্গে দেখা করার পরেও আন্দোলন প্রত্যাহার করেনি কমিটি। শিলং অসামরিক হাসপাতালের সামনে উ কিয়াং নাংবাহের মূর্তির কাছে কমিটির মহিলা সদস্যদের ধর্না চলছে।
রাজ্য সরকার আপত্তিতে সাড়া না দিলে আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারিও দিয়েছে জেএসি। রাজ্যপালের আশ্বাসের পরেও প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহারের কোনও ঘোষণা হয়নি।