দেশ জুড়ে ওষুধের গুণমান পরীক্ষায় ৩২৪টি নমুনা নির্ধারিত মানদণ্ড পূরণ করতে পারেনি। একই সঙ্গে অসমে একটি নকল ওষুধের নমুনা চিহ্নিত হয়েছে। ঘটনাটির তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সিডিএসসিও।

সিডিএসসিও-র সাম্প্রতিক মাসিক পর্যালোচনার তথ্য অনুযায়ী, গুণমানের মানদণ্ডে ব্যর্থ ৩২৪টি নমুনাকে ‘নট অব স্ট্যান্ডার্ড কোয়ালিটি’ বা এনএসকিউ বলে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় ওষুধ পরীক্ষাগার ৩৭টি নমুনা চিহ্নিত করেছে। বাকি ২৮৭টি নমুনার তথ্য এসেছে রাজ্য ওষুধ পরীক্ষাগারগুলি থেকে।

পরীক্ষাগার বিশ্লেষণে দেখা গিয়েছে, ওই নমুনাগুলি নির্ধারিত গুণমানের এক বা একাধিক শর্ত পূরণ করতে পারেনি। ওষুধের গুণমানের উপর নজর রাখা এবং সংশ্লিষ্ট পক্ষগুলিকে সতর্ক করতেই নিয়মিত এই তালিকা প্রকাশ করা হয়।

তবে সিডিএসসিও স্পষ্ট করেছে, কোনও ওষুধের নমুনাকে এনএসকিউ বলে চিহ্নিত করার অর্থ শুধুমাত্র পরীক্ষিত ওই নির্দিষ্ট ব্যাচটির ক্ষেত্রেই প্রযোজ্য। একই ওষুধের সব ব্যাচ বা সংশ্লিষ্ট সংস্থার সব ওষুধই গুণমানের মানদণ্ড পূরণ করতে ব্যর্থ হয়েছে, এমন অর্থ করা যাবে না।

অসমে ধরা পড়া নকল ওষুধের নমুনাটি রাজ্যের লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষের নজরদারিতে সামনে এসেছে। সিডিএসসিও-র তথ্য অনুযায়ী, আনুষ্ঠানিক অনুমোদন নেই এমন একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অন্য একটি ওষুধ সংস্থার ব্র্যান্ডের নাম ব্যবহার করে ওষুধটি তৈরির অভিযোগ উঠেছে।

গুণমানের মানদণ্ড পূরণ না-করা ওষুধ এবং নকল ওষুধের মধ্যে ফারাক রয়েছে। প্রথম ক্ষেত্রে পরীক্ষিত নমুনা গুণমানের শর্ত পূরণ করে না। নকল ওষুধের ক্ষেত্রে ওষুধটির প্রকৃত পরিচয় বা প্রস্তুতকারকের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে।

অসমের ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে সিডিএসসিও। ওষুধ ও প্রসাধনী আইন এবং সংশ্লিষ্ট বিধি মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও সংস্থাটি জানিয়েছে। তবে সন্দেহভাজন প্রস্তুতকারক বা প্রতিষ্ঠানের নাম এবং ওষুধটির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।