গুয়াহাটি: দিব্যাঙ্গ পেনশন প্রকল্প পুনরায় চালু, দৃষ্টিহীনদের বিদ্যালয় সরকারি করা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সংরক্ষিত ৪,৪১৯টি বকেয়া পদ পূরণের দাবিতে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত হস্তক্ষেপ চাইল প্রতিবন্ধী সুরক্ষা সংস্থা। সাংবাদিক সম্মেলনে সংগঠনটি জানায়, ৩ ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবসের আগে অথবা ওই দিনেই এই তিন দাবি নিয়ে সরকারের স্পষ্ট সিদ্ধান্ত ঘোষণা করা উচিত।

সংগঠনের প্রতিনিধিদের অভিযোগ, বিভাগীয় মন্ত্রী অশ্বিনী রায় সরকারের সঙ্গে আলোচনার পরেও প্রতিশ্রুতিগুলি কার্যকর হয়নি। ২০২৫ সালের ২৪ সেপ্টেম্বর মন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে দিব্যাঙ্গ দীনদয়াল পেনশন প্রকল্প পুনরায় চালুর বিষয়টি তোলা হয়েছিল বলে তাঁদের দাবি।

প্রকল্পটি পুনরায় চালু করা সম্ভব না হলে আরপিডব্লিউডি আইনের ২৪ নম্বর ধারা অনুযায়ী বর্তমান প্রকল্পের হারের চেয়ে ২৫ শতাংশ বেশি আর্থিক সাহায্যের ব্যবস্থার দাবিও জানানো হয়েছিল। কিন্তু এ বিষয়ে এখনও কোনও কার্যকর সিদ্ধান্ত হয়নি বলে অভিযোগ সংগঠনের।

দৃষ্টিহীনদের বিদ্যালয়টি সরকারি করার দাবিও উঠেছে সাংবাদিক সম্মেলনে। সংগঠনের দাবি, এ বিষয়ে বিভাগীয় মন্ত্রী সরকারকে চিঠি পাঠিয়েছেন। এখন সরকারের পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় রয়েছে তারা।

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সংরক্ষিত ৪,৪১৯টি বকেয়া পদ দ্রুত পূরণের দাবিও জানিয়েছে সংগঠনটি। তাদের বক্তব্য, এই পদগুলি সংক্রান্ত ফাইল এগোনোর জন্য মন্ত্রী সরকারকে চিঠি দিয়েছেন। নিয়োগের বিষয়ে সরকার কী পদক্ষেপ করবে, তা স্পষ্ট করার দাবি উঠেছে।

অরুণোদয় প্রকল্পের সুবিধা পাওয়া নিয়েও অসঙ্গতির অভিযোগ তুলেছে সংগঠনটি। রেশন কার্ডের শর্তের কারণে বহু প্রতিবন্ধী ব্যক্তি এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন না বলে তাদের দাবি। এই সমস্যা মেটাতেও সরকারের হস্তক্ষেপ চেয়েছে তারা।