গুয়াহাটি: জটিল অসুস্থতায় আক্রান্ত অসমের পরিচিত অভিনেতা রূপম শর্মা বর্তমানে গুয়াহাটির নেমকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। তাঁর উন্নত চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের হাত বাড়িয়েছেন মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া।

প্রায় দু’বছর ধরে অসুস্থতায় ভুগছেন রূপম। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ফের হাসপাতালে ভর্তি করানো হয়। ব্যয়বহুল চিকিৎসার জন্য পরিবারের তরফে সাহায্যের আবেদন জানানো হয়েছিল।

অসম রাজ্য চলচ্চিত্র বিত্ত ও উন্নয়ন নিগমের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. আলেখ্য বরুয়াও হাসপাতালে গিয়ে অভিনেতার শারীরিক অবস্থার খোঁজ নেন। তিনি রূপমের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

পরিবার ও শুভানুধ্যায়ীদের সমাজমাধ্যমে করা পোস্ট অনুযায়ী, রূপমের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ও নেগেটিভ গ্রুপের রক্তের প্রয়োজন। তাঁর স্ত্রী হিমানি শর্মাও অভিনেতার দ্রুত সুস্থতার জন্য সকলের আশীর্বাদ ও সাহায্য চেয়েছেন।

রক্তদান বা চিকিৎসার জন্য সাহায্য করতে ইচ্ছুক ব্যক্তিরা পরিবারের প্রকাশ করা ৮৪৮৬৯-৬৪১৭৩ নম্বরে যোগাযোগ করতে পারেন। ডিজিটাল মাধ্যমে অর্থ পাঠানোর আগে পরিবারের সঙ্গে সরাসরি বিষয়টি নিশ্চিত করে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

নলবাড়ির রূপম শর্মা ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত। মঞ্চ, ভ্রাম্যমাণ থিয়েটার, টেলিভিশন ধারাবাহিক এবং অসমীয়া চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘তুমি যদি কোবা’ ছবিতেও তিনি অভিনয় করেছিলেন।