নয়াদিল্লি, ২৬ নভেম্বর: প্রতিবাদস্থলে সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের নিরাপত্তা এবং পেশাগত দায়িত্ব পালনের অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট। স্বীকৃত সাংবাদিক এবং নিজেদের সাংবাদিক বলে দাবি করা ব্যক্তিদের আইনি সুরক্ষায় কোনও ফারাক থাকা উচিত কি না, তা-ও বিবেচনা করবে শীর্ষ আদালত।
দিল্লিতে একটি প্রতিবাদের খবর সংগ্রহের সময়ে সাত সাংবাদিককে পুলিশ মারধর, দুর্ব্যবহার এবং বেআইনি ভাবে আটক করেছে বলে অভিযোগ। ওই অভিযোগের তদন্তের জন্য মামলাটি অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতি আর সুভাষ রেড্ডির নেতৃত্বে গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটির কাছে পাঠিয়েছে আদালত।
প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ আবেদনকারীদের কমিটির কাছে প্রাসঙ্গিক তথ্যপ্রমাণ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। সাংবাদিকেরা সত্যিই প্রতিবাদস্থলে উপস্থিত ছিলেন কি না, তাঁদের বিরুদ্ধে পুলিশ বলপ্রয়োগ করেছিল কি না এবং সেই বলপ্রয়োগ প্রয়োজনের তুলনায় বেশি ছিল কি না, তা খতিয়ে দেখবে কমিটি।
কেরল ইউনিয়ন অব ওয়ার্কিং জার্নালিস্টস এবং দিল্লি ইউনিয়ন অব জার্নালিস্টস এই আবেদন দায়ের করেছিল। ২০২৬ সালের ১০ ও ১১ অক্টোবর দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হওয়া প্রতিবাদের সময়ে সাংবাদিকদের উপর পুলিশ বলপ্রয়োগ করেছিল বলে অভিযোগ ওঠে।
আবেদনকারীদের পক্ষে প্রবীণ আইনজীবী পি ভি দিনেশ আদালতে বলেন, আক্রান্ত সাত সাংবাদিক প্রতিষ্ঠিত সংবাদ সংস্থার সঙ্গে যুক্ত। তাঁরা সামাজিক মাধ্যমের জন্য ভিডিও বা রিল তৈরি করেন না। সংবাদ সংগ্রহের সময়ে স্বীকৃত সংবাদ সংস্থার সাংবাদিকদের আটক করা যায় কি না, সেই প্রশ্নও তিনি তোলেন।
আবেদনে অভিযোগ, সাংবাদিকদের জোর করে ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, ঘটনার দৃশ্য রেকর্ড করতে বাধা দেওয়া হয়েছিল এবং তাঁদের উপর শারীরিক বলপ্রয়োগ করা হয়েছিল। এক চিত্রসাংবাদিকের ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা এবং সরাসরি সংবাদ পরিবেশনের সময়ে এক মহিলা সাংবাদিককে মারধরের অভিযোগও রয়েছে।
সাংবাদিকদের চলাফেরার স্বাধীনতা, পেশাগত দায়িত্ব পালনের অধিকার এবং প্রতিবাদস্থল থেকে জোর করে সরিয়ে দেওয়াকে আইনের চোখে আটক বলা যায় কি না, সেই বিষয়গুলিও খতিয়ে দেখবে আদালত। দিল্লি পুলিশ এর আগে হলফনামায় জানিয়েছিল, সামাজিক মাধ্যমের প্রভাবশালী ব্যক্তি ও রিল নির্মাতাদের সাংবাদিকদের সমতুল্য সুরক্ষা দেওয়া যায় না। পুলিশের যুক্তি, সংবাদমাধ্যমের সাংবাদিক এবং বাণিজ্যিক উদ্দেশ্যে ভিডিও নির্মাতাদের মধ্যে ফারাক রয়েছে।