নয়াদিল্লি, ২৫ নভেম্বর: রাহুল গান্ধীর নাম উল্লেখ থাকা সামাজিক মাধ্যমের পোস্টে মেটা বাধা আরোপ করছে বলে অভিযোগ তুলেছে কংগ্রেস। এই অভিযোগকে কেন্দ্র করে কংগ্রেস ও মেটার মধ্যে চলা মতবিরোধের মধ্যেই মঙ্গলবার কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক করেছে মেটার পাবলিক পলিসি টিম।
বৈঠকে মেটার আধিকারিকেরা কনটেন্ট নিয়ন্ত্রণ এবং প্ল্যাটফর্মে পোস্ট বা অ্যাকাউন্টের উপর বিধিনিষেধ আরোপের প্রক্রিয়া সম্পর্কে কংগ্রেস প্রতিনিধিদের জানিয়েছেন। উপস্থিত ছিলেন কংগ্রেসের সামাজিক মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্ম বিভাগের প্রধান সুপ্রিয়া শ্রীনেত এবং যুব কংগ্রেসের নেতারা।
কংগ্রেসের প্রতিনিধিদলটি তাদের অভিযোগের সমর্থনে কিছু প্রমাণও পেশ করেছে। দলের দাবি, রাহুলের নাম উল্লেখ থাকা পোস্টগুলিতে মেটা বাধা আরোপ করছে।
মেটা জানিয়েছে, তারা স্বচ্ছ নীতি মেনেই কাজ করে এবং সব রাজনৈতিক দল ও তাদের কনটেন্টের ক্ষেত্রে একই নীতি প্রযোজ্য হয়। সংস্থার আধিকারিকেরা জানিয়েছেন, ভারতীয় আইন মেনেই কাজ করছে মেটা।
সংস্থার কর্মীদের নিশানা করা এবং দফতরের বাইরে চলা বিক্ষোভ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মেটার আধিকারিকেরা। প্রতিনিধিদলকে জানানো হয়েছে, তথ্যপ্রযুক্তি বিধি অনুযায়ী কিছু নির্দিষ্ট ধরনের কনটেন্ট প্ল্যাটফর্মে প্রকাশ, আপলোড, ভাগ করে নেওয়া বা পাঠানোর অনুমতি নেই।
২০ নভেম্বর থেকে যুব কংগ্রেসের কর্মীরা গুরুগ্রাম, হায়দরাবাদ ও মুম্বইয়ে মেটার সঙ্গে যুক্ত দফতরের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন। ইনস্টাগ্রামের স্থগিত অ্যাকাউন্টগুলি ফের চালু করা এবং সেগুলির উপর থাকা বিধিনিষেধ প্রত্যাহারের দাবিতে মেটাকে সাত দিনের সময়সীমাও দিয়েছে যুব কংগ্রেস। তবে রাহুলের নাম থাকা পোস্টে বাধার অভিযোগে কোনও নির্দিষ্ট পোস্ট বা অ্যাকাউন্ট নিয়ে আলাদা করে মন্তব্য করেনি মেটা।