লখনউ, ২৫ নভেম্বর: কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গের লখনউ সফরের আগে দলের প্রস্তাবিত ‘সংবিধান রক্ষা মিছিল’-এর অনুমতি দিল না পুলিশ। ২৬ নভেম্বর সংবিধান দিবস উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করেছিল কংগ্রেস। তবে নির্ধারিত স্থানে সভা করার অনুমতি দেওয়া হয়েছে।

কংগ্রেসের পরিকল্পনা ছিল, উত্তরপ্রদেশে দলের রাজ্য দফতর থেকে লোকভবনের কাছ পর্যন্ত মিছিল যাবে। মিছিলে মহাত্মা গান্ধীর চিতাভস্মের কলস রাখারও পরিকল্পনা ছিল।

লখনউয়ের পুলিশ কমিশনার তরুণ গাবা জানিয়েছেন, কংগ্রেসকে কোনও ধরনের মিছিলের অনুমতি দেওয়া হয়নি। শুধুমাত্র নির্ধারিত স্থানে সভা করার অনুমতি মিলেছে।

দলের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, প্রথমে দলীয় দফতরে ভাষণ দেওয়ার কথা ছিল খাড়্গের। তার পরে সংবিধানের প্রস্তাবনার শপথ নিয়ে মহাত্মা গান্ধীর চিতাভস্মের কলস সঙ্গে নিয়ে লোকভবনের দিকে মিছিল করার কথা ছিল।

উত্তরপ্রদেশ কংগ্রেস কমিটির সভানেত্রী আরাধনা মিশ্র ‘মোনা’ মিছিলের অনুমতি না মেলায় অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁর অভিযোগ, বিজেপি সরকারের নির্দেশেই স্থানীয় প্রশাসন অনুমতি দেয়নি। তবে সংবিধান ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার সংকল্প থেকে কংগ্রেস সরে আসবে না বলেও তিনি জানিয়েছেন।

পুলিশের অনুমতি না মেলায় দলীয় দফতরের মধ্যেই কর্মসূচি সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। সেখানে ‘সংবিধান রক্ষা সম্মেলন’ হবে। খাড়্গে তাতে অংশ নেবেন এবং সংবিধানের প্রস্তাবনার শপথ গ্রহণ করাবেন।

এ দিকে, লখনউয়ের আম্বেদকর পার্কে আসাদুদ্দিন ওয়েইসি ও চন্দ্রশেখর আজাদের উদ্যোগে আয়োজিত সভার অনুমতি প্রশাসন দিয়েছে।