শিবসাগর, ৪ নভেম্বর: হেফাজতে থাকা অবস্থায় পুলিশের এক তদন্তকারী অফিসারের সার্ভিস রিভলভার কেড়ে নেওয়ার চেষ্টার অভিযোগে গৌরীসাগরে পুলিশের গুলিতে মৃত্যু হল ঘনকান্ত গগৈয়ের। শিবসাগরের পুলিশ সুপার পাপরি চেতিয়া জানিয়েছেন, হাসপাতালে নিয়ে গেলে ঘনকান্তকে মৃত বলে ঘোষণা করা হয়।
পুলিশের দাবি, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ঋণ সংক্রান্ত প্রতারণা ও জালিয়াতির একটি মামলায় গগৈকে দীর্ঘ দিন ধরে খোঁজা হচ্ছিল। গুয়াহাটি থেকে তাঁকে আনতে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছিল। সোমবার রাতে পুলিশের একটি দল তাঁকে গুয়াহাটি থেকে শিবসাগরে নিয়ে আসছিল।
চেতিয়ার বক্তব্য, গৌরীসাগর থানার অন্তর্গত ফুলপানিছিগা এলাকায় পৌঁছে গগৈ গাড়ি থেকে বাইরে যাওয়ার কথা বলেন। সেই সময় তাঁকে গাড়িতে ফেরানোর চেষ্টা হলে তিনি তদন্তকারী অফিসারের সার্ভিস রিভলভার কেড়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। ধস্তাধস্তিতে ওই অফিসার গুরুতর আহত হন। তাঁকে সিভিল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পুলিশ সুপার জানান, ধস্তাধস্তির সময় অফিসারের সার্ভিস রিভলভার থেকে তিন রাউন্ড গুলি ছোড়ে। আহত অফিসারকে বাঁচাতে সদর থানার ওসির ব্যক্তিগত নিরাপত্তারক্ষী বাধ্য হয়ে নিজের সার্ভিস অস্ত্র থেকে গুলি চালান বলে তাঁর দাবি। সেই গুলিতেই গগৈ আহত হন।
চেতিয়ার দাবি, গগৈ একজন পলাতক অভিযুক্ত ছিলেন এবং তাঁর আচরণে পুলিশকর্মীদের জীবনের আশঙ্কা তৈরি হয়েছিল। তিনি বলেন, আত্মরক্ষার স্বার্থেই পুলিশকে গুলি চালাতে হয়েছে।
পুলিশের বক্তব্য অনুযায়ী, শিবসাগর সদর থানায় গগৈয়ের বিরুদ্ধে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের একটি ঋণ সংক্রান্ত মামলা ছিল। একটি এক্সক্যাভেটর কেনার জন্য ঋণ নিতে তিনি ভুয়ো নথি জমা দিয়েছিলেন বলে অভিযোগ। ঋণের টাকা মঞ্জুর হওয়ার পরে ব্যাঙ্কের যাচাইয়ে বিষয়টি ধরা পড়ে এবং মামলা দায়ের হয়।
ধস্তাধস্তিতে কয়েক জন পুলিশকর্মীর সামান্য চোট লেগেছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। গগৈয়ের পরিবারকে এখনও খবর দেওয়া হয়নি বলেও তিনি জানান। আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।