অসম লোকসেবা আয়োগের এপিএসসি নিয়োগ কেলেঙ্কারির মামলায় দোষী সাব্যস্ত প্রাক্তন চেয়ারম্যান রাকেশ পালকে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল গুয়াহাটি হাইকোর্ট। বিচারপতি কল্যাণ রায় সুরানা ও বিচারপতি রাজেশ মজুমদারের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।

আদালতের নির্দেশ অনুযায়ী, ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অথবা তাঁর মূল আপিলের নিষ্পত্তি হওয়া পর্যন্ত—যেটি আগে হবে—জামিন বহাল থাকবে। এই সময়ে তাঁর ১৪ বছরের কারাদণ্ড স্থগিত রাখা হয়েছে।

১ লক্ষ টাকার বন্ড এবং সমপরিমাণ অর্থের তিন জন জামিনদার দেওয়ার শর্তে রাকেশ পালকে জামিন দেওয়া হয়েছে। জামিনদারদের অন্তত এক জনের বিচার আদালতের এলাকার মধ্যে স্থাবর সম্পত্তি থাকতে হবে।

আদালতের আগাম অনুমতি ছাড়া তিনি বিচার আদালতের ভৌগোলিক এলাকা ছাড়তে পারবেন না। তাঁকে পাসপোর্ট আদালতে জমা দিতে হবে। পাশাপাশি, তিনি যে ঠিকানায় থাকবেন এবং তাঁর যোগাযোগের ফোন নম্বরও আদালতকে জানানো বাধ্যতামূলক করা হয়েছে।

জামিনের আবেদনে রাকেশ পাল জানান, তাঁর স্ত্রীর দু’টি কিডনিই বিকল হয়ে গিয়েছে এবং চিকিৎসকেরা কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। তিনি ইতিমধ্যে আট বছরের বেশি সময় জেলে কাটিয়েছেন। মূল আপিলের শুনানিতে বিলম্বের সম্ভাবনার দিকটিও আদালত বিবেচনা করেছে।

২০১৪ সালের কৃষি উন্নয়ন আধিকারিক পদে নিয়োগ কেলেঙ্কারির মামলায় ২০২৪ সালের জুলাইয়ে গুয়াহাটির বিশেষ আদালত রাকেশ পালকে দোষী সাব্যস্ত করেছিল। তাঁকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল।

২০১৬ সালে ডিব্রুগড়ে ঘুষ নেওয়ার অভিযোগে ইঞ্জিনিয়ার নবকান্ত পাতির গ্রেফতারির পরে এপিএসসি নিয়োগ কেলেঙ্কারির তদন্তে নতুন গতি আসে। সেই তদন্তের ভিত্তিতে ওই বছরের ৪ নভেম্বর তৎকালীন এপিএসসি চেয়ারম্যান রাকেশ পাল গ্রেফতার হন। তদন্তে বিভিন্ন পদে নিয়োগে টাকার বিনিময়ে অনিয়ম এবং উত্তরপত্র জালিয়াতির অভিযোগ উঠে আসে।