গুয়াহাটি, ২৫ নভেম্বর: প্রয়াত কণ্ঠশিল্পী জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় ন্যায়বিচারের দাবিতে আগামী ২৮ নভেম্বর জুবিন ক্ষেত্রে বৃহৎ গণসমাবেশের ডাক দিলেন বিধায়ক অখিল গগৈ। শনিবার সকাল ১১টা থেকে ওই সমাবেশ হবে।

আগামী ৩০ নভেম্বর সুপ্রিম কোর্টে এই মামলার অভিযুক্তদের জামিন-সংক্রান্ত শুনানি হওয়ার কথা। তার আগে ন্যায়বিচারের দাবিতে গোটা অসমে জনমত আরও জোরদার করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য বলে জানান অখিল।

তাঁর বক্তব্য, জুবিনের মৃত্যুর তদন্ত এবং আদালতে জমা দেওয়া চার্জশিটের নানা ক্ষেত্রে আরও স্পষ্টতা ও কঠোরতার প্রয়োজন। এই নিয়ে তিনি তিনটি বিশেষ দাবি তুলেছেন।

ইতিমধ্যে জামিন পাওয়া অভিযুক্তদের জামিন বাতিলের ব্যবস্থা করা, জামিন চেয়ে আবেদন করা অভিযুক্তেরা যাতে জামিন না পান, তার জন্য জোরালো আইনি পদক্ষেপ করা এবং তদন্তে কোনও ত্রুটি বা অসম্পূর্ণতা থাকলে পুনর্তদন্ত করে অতিরিক্ত চার্জশিট জমা দেওয়ার দাবি জানান তিনি।

জুবিনের মৃত্যুর ন্যায়বিচারের আন্দোলন কোনও একটি রাজনৈতিক দলের একক আন্দোলন হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন অখিল। তাঁর মতে, এটি গোটা অসমবাসীর সম্মিলিত আন্দোলন হওয়া দরকার।

২৮ নভেম্বরের সমাবেশে শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, জুবিন গার্গের পরিবারের সদস্য, অনুরাগী এবং সব স্তরের মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।