মৈরাবাড়ি: বাল্যবিবাহ রোধ, শিশু সুরক্ষা নিশ্চিত করা এবং বেআইনি কার্যকলাপ ও নেশাজাত দ্রব্যের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে মৈরাবাড়িতে সচেতনতা সভার আয়োজন করল মরিগাঁও জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষ। সহযোগিতায় ছিল মৈরাবাড়ি গ্রাম পঞ্চায়েত।

গ্রাম পঞ্চায়েতের প্রেক্ষাগৃহে আয়োজিত সভায় বাল্যবিবাহের কুপ্রভাব, শিশুদের অধিকার ও সুরক্ষা, নেশাজাত দ্রব্যের ভয়াবহতা-সহ সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু সুরক্ষা আধিকারিক বর্ণালী রাজকুমারী। এ ছাড়াও উপস্থিত ছিলেন আইনজীবী নাজিমা নার্জিয়া, মৈরাবাড়ি থানার সভাপতি সেলিম চৌধুরী ওরফে দীপু, থানা নাগরিক কমিটির সভাপতি নুরুজ জামান এবং মহিলা সমিতির সভানেত্রী মিছিরা বেগম।

মৈরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের আধিকারিক, সদস্য-সদস্যা, এলাকার বিশিষ্ট ব্যক্তি এবং স্থানীয় বাসিন্দারাও সভায় যোগ দেন। বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু সুরক্ষা নিশ্চিত করা এবং নেশাজাত দ্রব্যের সমস্যা মোকাবিলায় মৈরাবাড়ি অঞ্চলটি জেলার মধ্যে স্পর্শকাতর এলাকা হিসেবে পরিচিত। এই ধরনের সমস্যার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে মানুষের সচেতনতা ও সহযোগিতার উপর জোর দেওয়া হয় সভায়।