গুয়াহাটি, ২৭ নভেম্বর: আরব সাগরে ১,৩৩০ কিলোমিটারের রিলে সাঁতার অভিযান সফলভাবে শেষ করলেন গুয়াহাটির সাঁতারু এলভিস আলি হাজরিকা। তাঁর সঙ্গে ছিলেন আরও তিন জন সাঁতারু।
‘মিশন অপরাজেয়’ নামে এই অভিযান শুরু হয়েছিল মুম্বই থেকে। গোয়া হয়ে যাত্রাপথ শেষ হয়েছে কর্নাটক উপকূলে। চার সদস্যের দলটি দিন-রাত সাঁতরে ১৫ দিনের মধ্যে অভিযান সম্পূর্ণ করেছে।
এত দীর্ঘ সাগর-রিলে সাঁতার শেষ করা প্রথম অসমীয়া হিসেবে পরিগণিত হয়েছেন এলভিস। গত বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে তিনি এই সাফল্যের কথা জানান এবং একে বিশ্বরেকর্ড বলে দাবি করেন।
পুরো যাত্রাই ছিল মানুষের সীমার বাইরে এক কঠিন পরীক্ষা।
এলভিস জানান, উত্তাল সমুদ্র, বড় ঢেউ, প্রবল স্রোত ও তীব্র গরমের মধ্যে অভিযান চালাতে হয়েছে। বিষাক্ত জেলিফিশ ও বড় সামুদ্রিক প্রাণীর আশঙ্কার পাশাপাশি রোদে ত্বক পুড়ে যাওয়া, সামুদ্রিক অসুস্থতা, শারীরিক যন্ত্রণা ও অনিদ্রারও মুখোমুখি হয়েছিলেন তাঁরা।
মানসিক দৃঢ়তা ও অদম্য ইচ্ছাশক্তির জোরেই দলটি লক্ষ্যে পৌঁছতে পেরেছে বলে জানান তিনি। এই সাফল্য অসমবাসী ও দেশের মানুষের উদ্দেশে উৎসর্গ করেছেন এলভিস। অসমের মানুষের ভালবাসা, আশীর্বাদ ও উৎসাহেই এই সাফল্য সম্ভব হয়েছে বলেও তাঁর দাবি।
এলভিসের সাফল্যে তাঁকে অভিনন্দন জানিয়েছেন মন্ত্রী অশোক সিংঘাল, সাংসদ দিলীপ শইকীয়া-সহ বিভিন্ন দল ও সংগঠনের প্রতিনিধি এবং অনুরাগীরা।