মৈরাবাড়ি: মৈরাবাড়ি গাঁও পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি ও সমাজসেবী আক্কাছ আলির মৃত্যু হয়েছে। দীর্ঘদিন ধরে দুরারোগ্য রোগে ভুগছিলেন তিনি।
গুয়াহাটিতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৭০ বছর।
মৈরাবাড়ির গারে হেরা জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজার নামাজ আদায় করা হয়। সেখানে ১০ হাজারেরও বেশি মানুষের সমাগম হয়েছিল।
আক্কাছ আলি তিন বার মৈরাবাড়ি গাঁও পঞ্চায়েতের সভাপতি ছিলেন। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কাজের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুর খবরে গোটা মৈরাবাড়ি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।