অসমের সরকারি মেডিক্যাল কলেজগুলিতে এমবিবিএস ও বিডিএস পাঠক্রমের ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তুলল ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি। একই সঙ্গে আইটিইপির অধীন বিএ-বিএড, বিকম-বিএড এবং বিএসসি-বিএড পাঠক্রম সম্পূর্ণ বিনামূল্যে করার দাবিও জানিয়েছে সংগঠনটি।
এক সাংবাদিক বৈঠকে সংগঠনের নেতা পিণ্টু গগৈ অভিযোগ করেন, বিজেপি সরকারের আমলে শিক্ষা ব্যবস্থাকে ক্রমশ বাণিজ্যিকীকরণের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তাঁর বক্তব্য, সরকারি মেডিক্যাল কলেজের ফি বৃদ্ধির সিদ্ধান্তে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের পড়ুয়াদের উপর বাড়তি আর্থিক বোঝা চাপবে।
পরিবারের বার্ষিক আয় ৯ লক্ষ টাকার বেশি হলে বছরে ১ লক্ষ টাকা, ৪ লক্ষ থেকে ৯ লক্ষ টাকা হলে ৫০ হাজার টাকা এবং ৪ লক্ষ টাকা পর্যন্ত হলে ৫ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে বলে দাবি করেছেন পিণ্টু গগৈ।
সংগঠনের আপত্তি, ২০২২-২৩ থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে পাঠরত পড়ুয়াদের ক্ষেত্রেও সংশোধিত ফি-কাঠামো প্রযোজ্য করা হচ্ছে। এমবিবিএস ও বিডিএসের বর্ধিত ফি প্রত্যাহার করে আগের ফি বহাল রাখার দাবি জানিয়েছে তারা। আর্থিক সমস্যায় থাকা পড়ুয়াদের বার্ষিক ফি একসঙ্গে না দিয়ে কিস্তিতে জমা দেওয়ার সুযোগ দেওয়ার আবেদনও করা হয়েছে।
আইটিইপি পাঠক্রমের ফি নিয়েও প্রশ্ন তুলেছে সংগঠনটি। পিণ্টু গগৈয়ের দাবি, অসমের পড়ুয়াদের প্রতি সেমেস্টারে প্রায় ৩৬ হাজার থেকে ৩৭ হাজার টাকা ফি দিতে হচ্ছে। হস্টেল, রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচ মিলিয়ে চার বছরের পাঠক্রম শেষ করতে প্রায় ৪ থেকে ৫ লক্ষ টাকা ব্যয় হয়।
তাঁর দাবি, দেশের কয়েকটি অন্য বিশ্ববিদ্যালয়ে একই পাঠক্রম শেষ করতে প্রায় ১ লক্ষ টাকার মধ্যে খরচ হয়। তাই আইটিইপি পাঠক্রম সম্পূর্ণ বিনামূল্যে করা না গেলে অন্তত অন্য বিশ্ববিদ্যালয়গুলির সমতুল্য ফি নির্ধারণের দাবি জানিয়েছে ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি।
সংগঠনের হুঁশিয়ারি, মেডিক্যাল শিক্ষার বর্ধিত ফি প্রত্যাহার এবং আইটিইপির ফি কমানো বা বিনামূল্যে করার দাবি সরকার না মানলে শীঘ্রই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।