আগরতলা, ২৭ নভেম্বর: কড়া নিরাপত্তার মধ্যে শুক্রবার ত্রিপুরার আগরতলা পুরনিগম-সহ ১৬টি পুরসংস্থায় ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৭টা থেকে ভোট নেওয়া হচ্ছে, চলবে বিকেল ৪টে পর্যন্ত।

রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন জানিয়েছেন, রাজ্যের সব ভোটকেন্দ্রেই নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। এখনও পর্যন্ত ভোট শান্তিপূর্ণভাবেই চলছে বলে তিনি জানান।

১৬টি পুরসংস্থার ২৬৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭৩৩ জন প্রার্থী। ভোট দিতে পারবেন ৫.৫৬ লক্ষ মানুষ। আগরতলা পুরনিগমে ওয়ার্ডের সংখ্যা ৫১।

নির্বাচনী প্রক্রিয়ায় প্রায় ৪,৬০০ জন ভোটকর্মীকে নিয়োগ করা হয়েছে। অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ৩৯ কোম্পানি-সহ ১০ হাজারের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। বিজেপি ২৬৬ জন, সিপিএম ২২৮ জন এবং কংগ্রেস ২০১ জন প্রার্থী দিয়েছে।